ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
মানিকগঞ্জ: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হরিরামপুর উপজেলার চালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আব্দুল মজিদকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
রোববার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চালা ইউনিয়নের লাউতা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম।
এর আগে মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক, সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতার গ্রামের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করেছিলেন আব্দুল মজিদ। ওই সময় আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে তিনি দীর্ঘদিন কারাগারে ছিলেন।
হরিরামপুর থানার মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৫ ডিসেম্বর খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতার গ্রামের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় কাজী আব্দুল মজিদসহ হরিরামপুরের পাঁচ ইউপি চেয়ারম্যান আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তবে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২০২২ সালের ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আফরোজা খানম রিতার বয়ড়া ইউনিয়নের বয়ড়া গ্রামের বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ওই মাহফিলে হামলা, ভাঙচুর ও নেতাকর্মীদের মারধরের অভিযোগে মামলাটি করা হয়।
২০২৪ সালের ২৯ অক্টোবর হরিরামপুর উপজেলা বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খান দুলাল বাদী হয়ে মামলাটি করেন। এতে মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমসহ ৮৬ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়।
এ বিষয়ে হরিরামপুর থানার ওসি জেওএম তৌফিক আজম বলেন, চালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদকে আটক করে সদর থানায় পাঠানো হয়েছে। মানিকগঞ্জ সদরের একটি মামলায় তাকে আদালতে পাঠানো হবে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, হরিরামপুর থানা থেকে এক ইউপি চেয়ারম্যানকে আটক করা হয়েছে। সদর থানার একটি রাজনৈতিক মামলায় সোমবার (২৩ নভেম্বর) সকালে তাকে আদালতে পাঠানো হবে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:৩০:০০ ১ বার পঠিত | ● আফরোজা খানম রিতা ● কাজী আব্দুল মজিদ ● মানিকগঞ্জ আওয়ামী লীগ ● হরিরামপুর ভাঙচুর মামলা