ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
মানিকগঞ্জ: সিংগাইরে ৩৮ কেজি গাঁজাসহ চার নারীকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। রবিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের গাজিন্দা গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার ধল্লা ইউনিয়নের গাজিন্দা এলাকার আক্কাসের স্ত্রী হাজেরা বেগম (৬০), তাঁর মেয়ে রোজিনা আক্তার (৩৫) ও তাছলিমা (৩২) এবং একই গ্রামের কবির হোসেনের মেয়ে তানহা (১৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গাজিন্দা গ্রামের আক্কাস আলীর পরিবার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। এলাকার লোকজন বিভিন্ন সময় বাধা দিলেও তাদের মাদক ব্যবসা অব্যাহত ছিল। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা দলবদ্ধভাবে তাঁদের বাড়িতে অভিযান চালান। এ সময় ৩৮ কেজি গাঁজাসহ আক্কাসের পরিবারের সদস্যদের আটক করে রাখেন তাঁরা। পরে সিংগাইর থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাঁজা উদ্ধার করে চারজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এন/এস
বাংলাদেশ সময়: ২২:৪৩:৪১ ৬ বার পঠিত | ● নারী মাদক ব্যবসায়ী ● সিংগাইরে গাঁজা উদ্ধার ● ৩৮ কেজি গাঁজা