ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
চট্টগ্রাম: নগরের পাহাড়তলীতে গাড়ির ওয়েবিলের নামে চাঁদা দাবির প্রতিবাদ করায় সাজ্জাদ হোসেন মাসুম (২৮) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলার ২৪ ঘণ্টার মধ্যে এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এসআরবি-৭ চট্টগ্রাম। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে নগরের পাহাড়তলী থানার ইস্পাহানি রেলগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম আবুল হোসেন আজিম (৩০)। তিনি নোয়াখালীর সেনবাগ উপজেলার ঈদুলপুর এলাকার মৃত সফিক আহম্মদের ছেলে। এ মামলার এজাহারভুক্ত পাঁচ নম্বর আসামি তিনি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৬ নভেম্বর রাত সাড়ে সাতটার দিকে পাহাড়তলী থানার একে খান মোড়ের জাকির হোসেন রোড এলাকায় এ ঘটনা ঘটে। ওই সময় মাসুমের বন্ধু সিএনজিচালিত ম্যাক্সিমা গাড়ির চালক শাহাদাত হোসেনের কাছে একদল ব্যক্তি এক হাজার টাকা চাঁদা দাবি করেন। শাহাদাত টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে ছুরিকাঘাত করা হয়। বন্ধুকে আক্রান্ত হতে দেখে প্রতিবাদ করতে এগিয়ে যান মাসুম। একপর্যায়ে দুর্বৃত্তরা তার বুকের ডান পাশে ও পেটের বাঁ পাশে ছুরিকাঘাত করে।
চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার রাত ৯টা ৩৫ মিনিটে মাসুমের মৃত্যু হয়।
নিহত মাসুম চট্টগ্রাম নগরের আকবর শাহ থানার ফিরোজশাহ এলাকার মাহবুব আলমের ছেলে। এ ঘটনায় তাঁর মামা বাদী হয়ে বৃহস্পতিবার পাহাড়তলী থানায় হত্যা মামলা করেন। মামলায় পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে।
এসআরবি-৭ জানায়, হত্যাকাণ্ডের পরপরই ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে ছায়া তদন্ত এবং গোয়েন্দা নজরদারি শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে আবুল হোসেন আজিমকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৭-এর সহকারী পরিচালক (জনসংযোগ) ও সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ জানান, গ্রেপ্তার আজিমকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাহাড়তলী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:২৭:২৮ ২২ বার পঠিত | ● আবুল হোসেন আজিম গ্রেপ্তার ● চট্টগ্রামে চাঁদা দাবি ● পাহাড়তলী হত্যা মামলা ● সাজ্জাদ হোসেন মাসুম হত্যা