ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর মৃধাবাড়ি এলাকার একটি পুকুর থেকে মো. মুন্না খান (৩২) নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নিখোঁজ হওয়ার দুই দিন পর দুপুর দেড়টার দিকে পুকুরে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ পাওয়া যায়।
নিহত মুন্নার বাবার নাম মৃত মান্নান খান। তাঁদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়। তবে তিনি ছোটবেলা থেকেই ঢাকায় বসবাস করতেন। সর্বশেষ তিনি যাত্রাবাড়ীর মৃধাবাড়ি এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। মিশুক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি।
নিহতের ভাগিনা মো. মাসুম সরকার বলেন, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে প্রতিদিনের মতো মিশুক নিয়ে বাসা থেকে বের হন তাঁর মামা মুন্না। এরপর গভীর রাত পেরিয়ে গেলেও তিনি আর বাসায় ফেরেননি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে যাত্রাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
মাসুম সরকার আরও জানান, তাঁর মামা দুই মাস আগে কিস্তিতে জীবিকা নির্বাহের জন্য মিশুকটি কিনেছিলেন। তিনি দুই সন্তানের জনক ছিলেন।
তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরে কাজ থেকে বাসায় ফেরার পর তাঁর মামি ফোন করে জানান, মৃধাবাড়ি এলাকার একটি পুকুরে একটি মরদেহ ভাসতে দেখা গেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনি মামার মরদেহ শনাক্ত করেন। তাঁর মামার মিশুকটি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একই সঙ্গে তাঁর কাছে থাকা মোবাইল ফোনটিও নিখোঁজ। তাঁদের ধারণা, মিশুকের জন্যই হয়তো তাঁকে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মিশুকচালক মুন্না খান নিখোঁজ হওয়ার বিষয়ে তাঁর পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়া যায়, মৃধাবাড়ি এলাকার একটি পুকুরে এক ব্যক্তির মরদেহ ভাসছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের গলায় ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
ওসি রুবেল হাওলাদার আরও বলেন, সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:০৯:৩৮ ২০ বার পঠিত | ● মিশুকচালকের মরদেহ ● মুন্না খান হত্যা ● মৃধাবাড়ি ● যাত্রাবাড়ী