ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
নরসিংদী: জেলার বেলাবো উপজেলার বেলাবো সদর ইউনিয়নের গাংকুলপাড়ায় গ্রামীণ ব্যাংকের একটি এরিয়া অফিসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে ব্যাংকের একটি বাইসাইকেল ও কিছু কাগজপত্র পুড়ে গেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে সদর ইউনিয়নে অবস্থিত ব্যাংকটির শাখা কার্যালয়ে এ ঘটনা ঘটে।
ব্যাংক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা অতর্কিতভাবে শাখা কার্যালয় লক্ষ্য করে আগুন ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এতে কার্যালয়ে থাকা একটি বাইসাইকেল ও কিছু সাধারণ কাগজপত্র পুড়ে যায়। ওই সময় ব্যাংকের শাখা ব্যবস্থাপক ভবনের ওপরের তলায় অবস্থান করায় বিষয়টি তাৎক্ষণিকভাবে টের পান। পরে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।
এ ঘটনার পর থেকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। একই সঙ্গে ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।
এ বিষয়ে গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. নাজমুল আলম জানান, রাত আনুমানিক ৩টার দিকে দুর্বৃত্তরা আগুন ছুড়ে মারে। তিনি ওপরের তলায় থাকায় তাৎক্ষণিকভাবে বিষয়টি জানতে পারেন। এতে অফিসে থাকা একটি বাইসাইকেল ও কিছু কাগজপত্র পুড়ে গেছে। তবে ব্যাংকের গুরুত্বপূর্ণ কোনো নথিপত্রের ক্ষয়ক্ষতি হয়নি।
তিনি আরও জানান, ঘটনার পরপরই ব্যাংক কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পরে বেলাবো থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় বেলাবো থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বেলাবো থানার ওসি (তদন্ত) সরল মরমু জানান, রাত ৩টার পর কে বা কারা আগুন দিয়ে পালিয়ে যায়। এতে একটি বাইসাইকেল ও কিছু কাগজপত্র পুড়ে গেছে। খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কারা এবং কী উদ্দেশ্যে এ নাশকতার চেষ্টা চালিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
এন/এস
বাংলাদেশ সময়: ১৮:০৫:৫০ ২১ বার পঠিত | ● গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ ● নরসিংদী ● বেলাবো গ্রামীণ ব্যাংক