![]()
গোপালগঞ্জ: আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল শেষে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ছয়টি ককটেল বিস্ফোরণ ও বেশ কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। তবে এ সময় ঘটনাস্থলে যায়নি পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা শহরের লঞ্চঘাট গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে লঞ্চঘাট এলাকা থেকে শহরে একটি মিছিল বের করা হয়। মিছিল শেষে নেতাকর্মীদের বক্তব্য দেওয়ার সময় বক্তাদের পাশে দাঁড়ানো নিয়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এতে জড়ান ঘোষেরচর গ্রামের বাসিন্দা ছাত্রলীগ নেতা মোরসালিন এবং চরমানিকদাহ গ্রামের বাসিন্দা ছাত্রলীগ নেতা শাকিলের ভাই সাজিদ।
এ ঘটনার জেরে সন্ধ্যার পর গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়ামসংলগ্ন সড়কে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই গ্রামের বাসিন্দারা। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। দুই পক্ষ থেকে প্রায় ছয়টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পাশাপাশি বেশ কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। এতে এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সিরাজুল ইসলাম বলেন, আমরা শুনেছি ঘোষেরচর ও চরমানিকদাহ গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়িয়েছিলেন। তবে আমরা ঘটনাস্থলে যাইনি। শুনেছি, তাঁরা নিজেরাই মিটমাট করে নিয়েছেন। আমরা কোনো আইনি পদক্ষেপ নিইনি।
এন/ আর
বাংলাদেশ সময়: ২৩:৪৬:৪৭ ৪ বার পঠিত | ● ককটেল বিস্ফোরণ ● গোপালগঞ্জ সংঘর্ষ ● ঘোষেরচর ● চরমানিকদাহ