![]()
রংপুর: নির্ধারিত মূল্য আদায় করেও পরিমাপে কম জ্বালানি তেল দেওয়ার অভিযোগ উঠেছে রংপুরের কয়েকটি ফিলিং স্টেশনের বিরুদ্ধে। প্রতি ৫ লিটার অকটেন, ডিজেল ও পেট্রোলে ২০ থেকে ৪০ মিলিলিটার পর্যন্ত কম দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এভাবে অভিনব কায়দায় জ্বালানি তেল কম দিয়ে ভোক্তাদের পকেট কাটার অভিযোগে নড়েচড়ে বসেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও জেলা প্রশাসন।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে রংপুর নগরীর বাংলাদেশ ব্যাংক মোড়ে মেসার্স সিটি ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তেল কম দেওয়ার বিষয়টি হাতেনাতে ধরা পড়ে।
অভিযানে দেখা যায়, সিটি ফিলিং স্টেশনটি প্রতি ৫ লিটার অকটেনে ৪০ মিলিলিটার এবং পেট্রোলে ২০ মিলিলিটার কম দিচ্ছে। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. শাহান। এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের রংপুর বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মারুফা বেগম এবং পরিদর্শক (মেট্রোলজি) মো. আলমাস মিয়া। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএসটিআই কর্মকর্তারা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. শাহান বলেন, গ্রাহকদের যেন পরিমাপে কম তেল দেওয়া না হয়, সে লক্ষ্যে ফিলিং স্টেশনগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সিটি ফিলিং স্টেশনে পরিমাপে কম তেল দেওয়ার প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পর্যায়ক্রমে নগরীর সব পেট্রোল পাম্পে এ ধরনের অভিযান চালানো হবে।
এর আগে গত ৩ আগস্ট মেসার্স সিটি ফিলিং স্টেশনে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সে সময় তেল কম দেওয়ার অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ওই অভিযানেও নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. শাহান।
সাধারণ ভোক্তাদের অভিযোগ, মেসার্স সিটি ফিলিং স্টেশনকে প্রতিবছর কয়েকবার জরিমানা করা হলেও তেল চুরি বা কম দেওয়া বন্ধ হয়নি। বরং প্রশাসনকে ম্যানেজ করে প্রতিষ্ঠানটি গ্রাহকদের পকেট কাটছে। এ বিষয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোনো সুষ্ঠু সমাধান পাওয়া যায়নি। এমনকি তেল কম দেওয়ার বিষয়টি গণমাধ্যমে তুলে ধরায় বিভিন্ন সময় অনেক সংবাদকর্মীকে হেনস্তা করার অভিযোগও রয়েছে পাম্পটির মালিকের বিরুদ্ধে।
এন/এস
বাংলাদেশ সময়: ২৩:৫২:৩৭ ৩ বার পঠিত | ● জ্বালানি তেলে ভেজাল ● তেল কম দেওয়ার অভিযোগ ● বিএসটিআই অভিযান ● রংপুর সিটি ফিলিং স্টেশন