ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » বেকুটিয়া সেতুতে ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল তিন শিক্ষার্থীর

বেকুটিয়া সেতুতে ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল তিন শিক্ষার্থীর


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


বেকুটিয়া সেতুতে ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল তিন শিক্ষার্থীর

পিরোজপুর: কাউখালীর বেকুটিয়া (অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী) সেতুতে মোটরসাইকেল ও মালবোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে সেতুর কাউখালী প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কাউখালী উপজেলার বেকুটিয়া এলাকার সতদল রায়ের ছেলে শান্ত রায় (২৫), সয়না-রঘুনাথপুর গ্রামের বাবর মাঝীর ছেলে সুনান মাঝী (২০) এবং কেউন্দিয়া গ্রামের আজমল হক বাদল মৃধার ছেলে সাজিদ মৃধা (২৩)।

আহতরা হলেন উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের পাঙ্গাসিয়া গ্রামের হায়দার আলীর ছেলে মাহফুজুর রহমান (২৫) এবং পিরোজপুর সদর উপজেলার মধ্যরাস্তা এলাকার মধুর ছেলে জয় (২৬)।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার পর দুটি মোটরসাইকেলে পাঁচ শিক্ষার্থী পিরোজপুর থেকে কাউখালীর দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেল দুটি বেকুটিয়া সেতুর কাউখালী প্রান্তে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাঁচ আরোহীই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চারজনের অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁদের খুলনায় পাঠানো হয়। পরে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় প্রথমে শান্ত রায়ের মৃত্যু হয়। এরপর আনুমানিক রাত ১২টার দিকে খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাজিদ ও সুনান মাঝীরও মৃত্যু হয়।

পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ যুগল বিশ্বাস জানান, সন্ধ্যা ৭টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সেখান থেকে গুরুতর আহত দুজনকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে জেলা হাসপাতালে পাঠানো হয়। বাকি আহতদের স্থানীয়রা আগেই হাসপাতালে নিয়ে যান।

পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নিজামউদ্দিন জানান, দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাঁদের মধ্যে প্রথমে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে বাকি দুজনের অবস্থার অবনতি হলে তাঁদেরও খুলনায় স্থানান্তর করা হয়।

তিন শিক্ষার্থী ও তরুণের এমন অকাল মৃত্যুতে তাঁদের পরিবার ও স্বজনদের পাশাপাশি পুরো কাউখালী উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৭:৪৮:২৯   ১ বার পঠিত  | ●   ●   ●   ●