![]()
ফরিদপুর: আলফাডাঙ্গায় সার ডিলার নিয়োগকে কেন্দ্র করে মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন নবনিযুক্ত সার ডিলার ও ‘ইনামুল এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী এনামুল ইসলাম।
সোমবার সকাল ১০টায় আলফাডাঙ্গার বুড়াইচ ইউনিয়নের শৈলমারীতে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি তাঁর বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের বিষয়ে বক্তব্য দেন।
লিখিত বক্তব্যে এনামুল ইসলাম বলেন, সার ডিলার নিয়োগের ক্ষেত্রে সরকার নির্ধারিত নীতিমালা অনুসরণ করা হয়েছে। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করেই তিনি ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন। অথচ এ নিয়োগকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ ও অপপ্রচার চালানো হচ্ছে। এসব অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, একটি বৈধ নিয়োগপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে তাঁর বিরুদ্ধে যেসব অপপ্রচার চালানো হচ্ছে, তাতে তাঁর সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডে তিনি বিব্রত ও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাঁর বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করার আহ্বান জানান তিনি।
সার ডিলার নিয়োগপ্রক্রিয়া সম্পর্কে উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা বলেন, নিয়োগ নীতিমালা অনুযায়ী উপজেলা কমিটি তদন্তের মাধ্যমে ইউনিয়নপ্রতি তিনজন যোগ্য আবেদনকারীর নাম জেলা কমিটির কাছে পাঠায়। পরে জেলা কমিটি অধিকতর যাচাই-বাছাই করে তালিকাটি কৃষি মন্ত্রণালয়ে পাঠায়। এরপর কৃষি মন্ত্রণালয় চূড়ান্তভাবে ডিলার নিয়োগ দেয়। পুরো প্রক্রিয়াটি নির্ধারিত নীতিমালা অনুসরণ করেই সম্পন্ন করা হয়।
সংবাদ সম্মেলনে এনামুল ইসলাম তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ যাচাইয়ের দাবি জানান। একই সঙ্গে ভিত্তিহীন তথ্য প্রচার ও অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৭:৫০:২৩ ১ বার পঠিত | ● আলফাডাঙ্গা সার ডিলার নিয়োগ ● ইনামুল এন্টারপ্রাইজ ● এনামুল ইসলাম