![]()
কুষ্টিয়া: বিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না; বরং জনগণের ভালোবাসা নিয়ে দলটি এগিয়ে এসেছে এবং অন্যায়, অবিচার ও দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দেবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফর উপলক্ষে জনসভাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, কারা আগুন সন্ত্রাস করছে, কারা সংসদ সদস্যের বাড়িতে আগুন দিচ্ছে এবং কারা মানুষকে ছুরিকাঘাত করছে—সেটি জনগণ জানে। কারা লাশের রাজনীতি করে, সেটিও স্পষ্ট। হাসপাতাল, ধর্মীয় প্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দেওয়ার ইতিহাস নিষিদ্ধ ঘোষিত ওই দলের। তারা ১৯৭২ সাল থেকে এসব কর্মকাণ্ড করে আসছে।
তিনি আরও বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনে মানুষের ওপর গুলি চালিয়ে ১ হাজার ৪০০ জনকে হত্যা করা হয়েছে। প্রায় ৩০ হাজারের বেশি মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন। দীর্ঘ ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে হাজার হাজার নেতাকর্মী গুমের শিকার হয়েছেন।
ডা. জাহিদ হোসেন বলেন, তারা (আওয়ামী লীগ) আবারও পুরোনো কায়দায় গায়ের জোরে নিজেদের মতামত মানুষের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। তবে জনগণ এ বিষয়ে জবাব দিতে প্রস্তুত। ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে জনগণ যেভাবে জবাব দিয়েছে, ইনশাআল্লাহ, এ দেশের মানুষ সেভাবেই গণতন্ত্র রক্ষা, গণতন্ত্র ধরে রাখা এবং দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে জানে।
তিনি বলেন, এ দেশের মানুষ অতীতে কখনো সিদ্ধান্ত নিতে ভুল করেনি বলে তাঁরা দৃঢ়ভাবে বিশ্বাস করেন। আগামী দিনে যারা দিবাস্বপ্ন দেখছে, আসামি ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হয়েও বিভিন্ন ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে, তাদের কীভাবে রুখে দিতে হয়, তা এ দেশের মানুষ জানে।
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া সফরে এসে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির কেন্দ্রীয় উদ্বোধন করবেন বলে জানান সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। একই সঙ্গে দেশের ১৩২টি উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, বিএনপির নির্বাচনী অঙ্গীকারের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি ফ্যামিলি কার্ড। প্রথম পর্যায়ে হতদরিদ্র ও দরিদ্র পরিবারের সদস্যরা এ সুবিধা পাবেন। এ ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ কিংবা ধর্মীয় পরিচয়ের কোনো ভেদাভেদ থাকবে না।
তিনি জানান, চলতি বছর প্রথমে প্রায় ৪১ লাখ পরিবারকে এ সুবিধা দেওয়ার পরিকল্পনা থাকলেও মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের পর প্রায় ৮০ লাখ পরিবারের সম্ভাব্য তালিকা পাওয়া যাচ্ছে। এ ছাড়া কৃষকদের সহায়তায় কৃষক কার্ড এবং মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডার ধর্মীয় নেতাদের জন্য সহায়তা কর্মসূচি নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১৪ মার্চ দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচি শুরু করেছেন। পর্যায়ক্রমে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের পরিকল্পনা রয়েছে।
এ সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহবার উদ্দিন, জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারসহ প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯:৩২:৫৮ ১ বার পঠিত | ● ডা. এ জেড এম জাহিদ হোসেন ● তারেক রহমানের কুষ্টিয়া সফর ● ফ্যামিলি কার্ড কর্মসূচি ● বিএনপি