![]()
ভোলা:লালমোহনের আবুগঞ্জে হাইস্কুল শিক্ষক মাহাবুব আলমের জমিতে রাতের আঁধারে পাকা ঘর নির্মাণ করে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় বাধা দিতে গেলে তাঁকে হামলার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেছেন তিনি। উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের আবুগঞ্জ বাজারসংলগ্ন ৯ নম্বর ওয়ার্ডের মহেশখালী এলাকার মৃত আবদুর রশিদের ছেলে শামিম ও তাঁর মামা একই এলাকার আবদুল হাই ফরাজিসহ কয়েকজনের বিরুদ্ধে এ অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে শিক্ষক মাহাবুব আলম অভিযোগ করে বলেন, তিনি মহেশখালী মৌজার ২৯ নম্বর জেএলভুক্ত, এসএ ২২৭ নম্বর খতিয়ানভুক্ত এবং বিএস ৩৮৯ খতিয়ানের ২০৭৩, ২০৭৪ ও ২০৭৫ দাগের ৫ দশমিক ৭৫ শতাংশ জমি ১২/১২/২০২৪ তারিখে জমির মালিক মো. শফির কাছ থেকে ক্রয় করেন। এ জন্য লালমোহন সাবরেজিস্ট্রি অফিসে সাফ কবলা দলিল সম্পাদন করে জমিটি ভোগদখল করে আসছেন। মো. শফি তাঁর পিতার ওয়ারিশ সূত্রে জমিটির মালিক হয়ে ভোগদখল করছিলেন। বিক্রির পর তিনি জমিটি মাহাবুব আলমকে বুঝিয়ে দেন।
মাহাবুব আলমের অভিযোগ, হঠাৎ মো. শফির ভাবি ফজিলাতুন্নেছা, ভাতিজা শামিম, ভাতিজার মামা আবদুল হাই ফরাজি, ভাতিজার স্ত্রী আরিফা আক্তার ও ভাতিজার শাশুড়ি মিনারা বেগম জোরপূর্বক তাঁর ভোগদখলীয় জমি দখলের চেষ্টা করেন। গত ১৯/১১/২০২৬ তারিখে তাঁরা জমির চারপাশে উঁচু বেড়া দিয়ে আড়াল তৈরি করেন। পরে রাতের আঁধারে টর্চলাইট জ্বালিয়ে শামিমসহ অন্যরা ইট, বালু, রড ও খোয়া দিয়ে বসতঘর নির্মাণ শুরু করেন। এর মাধ্যমে তাঁকে জমি থেকে বেদখল করার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, খবর পেয়ে জমিতে গিয়ে দখলের কাজে বাধা দিলে অভিযুক্ত ব্যক্তিরা তাঁদের কাজে নিয়োজিত রাজমিস্ত্রি ও অজ্ঞাতপরিচয় কয়েকজনকে নিয়ে দা, বটি, কোদাল ও লাঠিসোঁটা হাতে তাঁর ওপর হামলার চেষ্টা করেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তিনি প্রাণে রক্ষা পান। পরে খবর পেয়ে স্থানীয় সাংবাদিকদের একটি দল ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গেলে তাঁদের ওপরও একইভাবে হামলার চেষ্টা করা হয় এবং ব্যাপক গালিগালাজ করা হয় বলে অভিযোগ করেন তিনি।
ঘটনার পর মাহাবুব আলম লালমোহন থানায় অভিযোগ করেন। খবর পেয়ে এসআই আসাদুজ্জামান ও এএসআই কাওসার আহম্মেদ সিদ্দিকীসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত শামিম, আবদুল হাই ফরাজি ও রাজমিস্ত্রিরা সেখান থেকে পালিয়ে যান। এ সময় ফজিলাতুন্নেছাসহ অন্যরা পুলিশের সঙ্গেও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন বলে অভিযোগ রয়েছে। পরে পুলিশ ফজিলাতুন্নেছাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের এবং তাঁদের প্রতিনিধি হিসেবে উপস্থিত ইমরান ফরাজিকে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেয়।
এ ঘটনায় মাহাবুব আলম লালমোহন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। যার নম্বর ১১০০, তারিখ ২১/১১/২০২৬।
অন্যের জমিতে রাতের আঁধারে ঘর নির্মাণের অভিযোগের বিষয়ে শামিম বেপারীকে মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ না করে কেটে দেন। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
ঘটনাস্থল পরিদর্শনকারী লালমোহন থানার এএসআই কাওসার আহম্মেদ সিদ্দিকী বলেন, এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তাঁরা ঘটনাস্থলে গিয়েছিলেন। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিশ চলমান রয়েছে।
বাংলাদেশ সময়: ২২:৫০:০০ ২ বার পঠিত | ● আবুগঞ্জ জমি বিরোধ ● মাহাবুব আলম ● লালমোহন জমি দখল