![]()
ময়মনসিংহ:নিজেকে ‘বড় আওয়ামী লীগ’ দাবি করা অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘিরে তিনি আলোচনায় আসেন।
সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে ময়মনসিংহের এসআরবি-১৪ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল থানায় দায়ের করা একটি মামলায় তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা আবুল হাসানের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়। ২০২৪ সালের ৫ আগস্টের আগে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। পরে তাকে ময়মনসিংহের এসআরবিতে বদলি করা হয়।
সম্প্রতি মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে নানা আলোচনা ও অভিযোগ ছড়িয়ে পড়ে। বিভিন্ন পোস্টে ওই ঘটনার পরিকল্পনা ও বাস্তবায়নে তার সম্পৃক্ততা ছিল বলে দাবি করা হয়।
এর আগেও আবুল হাসানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে আসছিলেন বিএনপির কয়েকজন নেতা-কর্মী। কলাবাগান থানা যুবদলের সাবেক সদস্যসচিব শাহ আলম সৈকত তার ফেসবুক পোস্টে অভিযোগ করেন, ৫ আগস্টের আগে নিউমার্কেট ও কলাবাগান থানায় দায়িত্ব পালনকালে আবুল হাসান নিজেকে ‘শেখ হাসিনার চেয়েও বড় আওয়ামী লীগ’ বলে পরিচয় দিতেন।
শাহ আলম সৈকতের দাবি, আবুল হাসানের নেতৃত্বে একাধিকবার তার বাসায় অভিযান চালানো হয় এবং সেখানে ভাঙচুর করা হয়। অভিযানের সময় পরিবারের সদস্যদের ক্রসফায়ারের হুমকি দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।
এদিকে, আবুল হাসানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ এসআরবি-১৪-এর অধিনায়ক মাসুদ রানা। তিনি বলেন, সোমবার রাত ৮টার দিকে ঢাকা থেকে ডিবি পুলিশের একটি দল এসে অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে নিয়ে গেছে। এ বিষয়ে বিস্তারিত জানতে তিনি ঢাকা ডিবির সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:২৬:২১ ৪ বার পঠিত | ● আবুল হাসান গ্রেপ্তার ● ময়মনসিংহ ডিবি ● মুকসুদপুর থানা অগ্নিসংযোগ