ঢাকা    বুধবার, ২৫ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » প্রধান সংবাদ » হাসিনার প্রত্যাবর্তন ঠেকানোর ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির

হাসিনার প্রত্যাবর্তন ঠেকানোর ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির


আজকের রূপান্তর ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬


হাসিনার প্রত্যাবর্তন ঠেকানোর ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা বিশ্বাসযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, শেখ হাসিনার কথার কোনো বিশ্বাসযোগ্যতা নেই। তবে দেশে ফিরলে তাঁকে আইনের আওতায় আসতে হবে।

অস্ট্রেলিয়া সফর শেষে বুধবার দেশে ফিরে এসব কথা বলেন শফিকুর রহমান। তিনি বলেন, আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচার হতে হবে। বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটিকে ধৈর্য ধরতে হবে। জামায়াত আমির বলেন, ‘নির্যাতনে অতিষ্ঠ হয়ে বাংলাদেশের যুবসমাজ তাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে বাধ্য হয়েছিল। এখন শেখ হাসিনার দেশে ফেরার যে ঘোষণা দেওয়া হচ্ছে, জনগণ তা প্রতিহত করবে।’

দেশের রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় ঐক্য প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী যে ডাক দিয়েছেন, তা দেশের কথা চিন্তা করেই দিয়েছেন। তবে শুধু আহ্বান জানালেই দীর্ঘমেয়াদি ঐক্য প্রতিষ্ঠা সম্ভব নয়। এ জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ প্রয়োজন। সংলাপের মাধ্যমে একটি টেকসই ও দীর্ঘমেয়াদি ঐক্য গড়ে তুলতে হবে।’

জুলাই সনদ বাস্তবায়ন না করায় দেশে অস্থিরতা শুরু হয়েছিল বলেও মন্তব্য করেন জামায়াত আমির। তাঁর ভাষ্য, আওয়ামী লীগের ফ্যাসিবাদী চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। এ পরিস্থিতিতে দেশের বৃহত্তর স্বার্থকে গুরুত্ব দিয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধভাবে কাজ করা প্রয়োজন।

অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফেরার পর বিমানবন্দরে জামায়াত আমিরকে স্বাগত জানান দলের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি ও মুজিবুর রহমান এমপি, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এবং নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন এমপি ও নূরুল ইসলাম বুলবুল এমপিসহ দলের নেতারা।

২০ নভেম্বর অস্ট্রেলিয়ায় যান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। সেখানে তিনি প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন। এ ছাড়া অস্ট্রেলিয়ার কয়েকজন রাজনীতিক ও কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতাদের মৃত্যুর ঘটনায় অতীতে শোক প্রকাশ করায় অস্ট্রেলিয়ার দুটি ইহুদি ও হিন্দু সংগঠন জামায়াত আমিরের সফরের প্রতিবাদ জানায়। তারা হামাসকে জঙ্গি সংগঠন আখ্যা দিয়ে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চায়, হামাসের সমর্থক জামায়াত আমির কীভাবে অস্ট্রেলিয়ার ভিসা পেলেন।

বাংলাদেশ সময়: ১৯:০০:২৭   ৩ বার পঠিত  | ●   ●   ●   ●