![]()
বরিশাল:বরগুনার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের এক মেডিকেল টেকনোলজিস্টকে (রেডিওগ্রাফি) মারধর এবং এক্স-রে বিভাগে হামলা ও ভাঙচুরের ঘটনার পর সাত দিন ধরে বন্ধ রয়েছে হাসপাতালের এক্স-রে সেবা।
এতে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বাধ্য হয়ে অতিরিক্ত খরচে বাইরের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এক্স-রে করাতে হচ্ছে। তবে খুব শিগগির ক্ষয়ক্ষতি নিরূপণ করে পুনরায় এক্স-রে সেবা চালুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর এক্স-রে বিভাগে হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনার পর ভুক্তভোগী মেডিকেল টেকনোলজিস্ট মো. আবুল হোসেন বাদী হয়ে বরগুনা সদর থানায় মামলা করেন। এ মামলায় অভিযুক্ত হিসেবে রয়েছেন মো. মাইনুল ইসলাম লিটন (৫০) ও তাঁর ছেলে মো. সানি (২০)। এ ছাড়া মামলায় আরও ৮ থেকে ৯ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, গত ১৭ নভেম্বর দুপুরে রুনা নামের এক রোগী হাঁটুর এক্স-রে করাতে হাসপাতালে আসেন। এ সময় তাঁর সঙ্গে থাকা ৮ থেকে ৯ জন ব্যক্তি এক্স-রে কক্ষে প্রবেশ করেন। পরে অতিরিক্ত লোকজনকে কক্ষ থেকে বেরিয়ে যেতে বলে দায়িত্বরত মেডিকেল টেকনোলজিস্ট মো. আবুল হোসেন রোগীর এক্স-রে সম্পন্ন করেন। এরপর রোগীর স্বজনেরা তাঁর বুকের আরও একটি এক্স-রে করার অনুরোধ জানান।
এ সময় আবুল হোসেন আবারও অতিরিক্ত লোকজনকে কক্ষ থেকে বেরিয়ে যেতে বলেন এবং অতিরিক্ত এক্স-রের জন্য সরকারি ফি জমা দিতে বলেন। এতে ক্ষুব্ধ হয়ে রোগী রুনার স্বজন মো. মাইনুল ইসলাম লিটন ও তাঁর ছেলে মো. সানি বাগ্বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে তাঁরা কাজে বাধা দেন এবং মেডিকেল টেকনোলজিস্ট আবুল হোসেন ও তাঁর সহযোগী মো. জাহিদুলকে মারধর করেন। এ ছাড়া এক্স-রে বিভাগে হামলা চালিয়ে দুটি ডিজিটাল এক্স-রে মেশিন, দুটি কম্পিউটার, প্রিন্টারসহ বেশ কিছু উচ্চপ্রযুক্তির চিকিৎসা সরঞ্জাম ভাঙচুর করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ ঘটনার পর থেকেই হাসপাতালের এক্স-রে সেবা বন্ধ রয়েছে। ফলে রোগীদের বাধ্য হয়ে অতিরিক্ত খরচে বাইরের ক্লিনিকে পরীক্ষা করাতে হচ্ছে।
হামলায় মারধরের শিকার মেডিকেল টেকনোলজিস্ট মো. আবুল হোসেন ঢাকা পোস্টকে বলেন, এক্স-রে কক্ষে রোগীর সঙ্গে অনেক লোক প্রবেশ করায় পরীক্ষা করতে সমস্যা হয়। এ কারণে তাঁদের কক্ষ থেকে বেরিয়ে যেতে বললে আমাকে হুমকি-ধমকি দেওয়া হয়। রোগীর একটি এক্স-রে করার কথা থাকলেও তাঁরা আমাকে দুটি এক্স-রে করতে বলেন। পরে এক্স-রে করে দেওয়ার পর তাঁরা চলে যান। এর কিছুক্ষণ পরই রোগীর স্বজনেরা এসে আমাকে মারধর করেন। এ ছাড়া এক্স-রে কক্ষে হামলা চালিয়ে ভেতরে থাকা এক্স-রে মেশিন, কম্পিউটার, ফটোকপি মেশিন ও বিভিন্ন যন্ত্রাংশ ফেলে দিয়ে ভাঙচুর করেন তাঁরা।
সরেজমিনে বরগুনার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ঘুরে দেখা যায়, প্রতিদিনই দুর্ঘটনায় আহত হওয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিরা চিকিৎসা নিতে আসছেন। তাঁদের চিকিৎসার প্রয়োজনে কর্তব্যরত চিকিৎসকেরা অনেককে এক্স-রে করানোর পরামর্শ দিচ্ছেন। কিন্তু হাসপাতালের এক্স-রে বিভাগ বন্ধ থাকায় রোগীদের বাধ্য হয়ে বাইরের ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করাতে হচ্ছে। এতে তাঁদের অতিরিক্ত ৪০০ থেকে ৫০০ টাকা খরচ হচ্ছে। বাড়তি ব্যয়ের পাশাপাশি ভোগান্তিতেও পড়ছেন তাঁরা।
চিকিৎসা নিতে আসা রোগীদের দাবি, হাসপাতালে এক্স-রে করাতে যেখানে মাত্র ২০০ থেকে ২৫০ টাকা খরচ হতো, সেখানে এখন ব্যয় হচ্ছে ৬০০ থেকে ৭০০ টাকা। এ অবস্থায় দ্রুত হাসপাতালের এক্স-রে বিভাগ চালুর দাবি জানিয়েছেন রোগী ও তাঁদের স্বজনেরা।
বরগুনা সদর উপজেলার আয়লা বাজার এলাকার বাসিন্দা মো. নিজাম মায়ের হাত ভাঙার চিকিৎসা করাতে হাসপাতালে এসেছেন। তিনি ঢাকা পোস্টকে বলেন, পড়ে গিয়ে মায়ের হাত ভেঙেছে। মাকে নিয়ে হাসপাতালে এসে দেখি, এক্স-রে বন্ধ। বাধ্য হয়ে বাইরের একটি ক্লিনিকে অতিরিক্ত টাকা দিয়ে এক্স-রে করাতে হয়েছে। এরপর আবার মাকে হাসপাতালে নিয়ে এসে হাতের ব্যান্ডেজ করিয়েছি। শুনেছি, হাসপাতালের এক্স-রে মেশিন ভেঙে ফেলা হয়েছে। মেশিনটি সচল থাকলে আমাদের এমন ভোগান্তিতে পড়তে হতো না।
পৌর শহরের আরেক বাসিন্দা মো. নাসির হাত ভাঙার চিকিৎসা নিতে হাসপাতালে এসেছেন। তিনি ঢাকা পোস্টকে বলেন, ঠেলাগাড়িতে গাছ তুলতে গিয়ে তাঁর হাতের ওপর গাছ পড়ে যায়। এতে হাত ভেঙে যায়। হাসপাতালে এসে এক্স-রে করাতে না পেরে বাইরের একটি ক্লিনিকে ৬০০ টাকা দিয়ে পরীক্ষা করিয়েছেন। এরপর হাসপাতালে এসে ব্যান্ডেজ করাতে হয়েছে।
রোগীদের ভোগান্তি দূর করতে বন্ধ থাকা এক্স-রে বিভাগ চালুর বিষয়ে বরগুনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. তাজকিয়া সিদ্দিকাহ ঢাকা পোস্টকে বলেন, মেশিনটি সচল করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য যে দল রয়েছে, তারা এসে মেশিনের ক্ষয়ক্ষতি নিরূপণ করবে। এরপর হাসপাতালের এক্স-রে মেশিনটি সচল করা সম্ভব হবে।
হাসপাতালে হামলার পর দায়ের করা মামলা প্রসঙ্গে বরগুনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মুকিত হাসান খাঁন ঢাকা পোস্টকে বলেন, গত ১৭ নভেম্বর এক রোগীর স্বজন ও মেডিকেল টেকনোলজিস্টের মধ্যে বাগ্বিতণ্ডার জেরে হাসপাতালে ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনার পরপরই থানা ও ডিবি পুলিশের সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়। তখন থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বরগুনা সদর থানায় একটি মামলা করে। এ ঘটনায় অভিযুক্ত আসামিদের গ্রেপ্তার এবং মামলার পরবর্তী তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৪:০৮:১৮ ১২ বার পঠিত | ● আবুল হোসেন ● এক্স-রে বিভাগে ভাঙচুর ● বরগুনা জেনারেল হাসপাতাল