ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
জয়পুরহাট: জেনারেল হাসপাতালের ওয়ার্ডে প্রেমিকাকে নিয়ে আপত্তিকর অবস্থায় আটক হওয়া কারারক্ষী ওয়াজেদ আলীর বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে। বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগে ওই কলেজছাত্রী নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে জয়পুরহাট থানায় মামলাটি করা হয়। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে, কারা কর্তৃপক্ষ ওয়াজেদ আলীকে সাময়িক বরখাস্ত করেছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলাও করা হয়েছে বলে জানিয়েছেন জয়পুরহাট জেলা কারাগারের জেল সুপার উম্মে সালমা।
ওয়াজেদ আলী (৪২) জয়পুরহাট জেলা কারাগারে কারারক্ষী হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি নওগাঁর বদলগাছী উপজেলায়। ওই কলেজছাত্রীর বাড়িও একই উপজেলায়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৩ নভেম্বর রাত আড়াইটার দিকে হাসপাতালের এক নম্বর পুরুষ ওয়ার্ডে ওই কারারক্ষী ও কলেজছাত্রী অবস্থান করছিলেন। তাঁদের আচরণ সন্দেহজনক মনে হলে রোগীর স্বজনেরা বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। একপর্যায়ে তাঁরা নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পুলিশ রাত আড়াইটার দিকে সেখানে গিয়ে তাঁদের থানায় নিয়ে যায়।
থানা পুলিশ জানায়, খবর পেয়ে ওই ছাত্রীর অভিভাবক এবং ওয়াজেদ আলীর স্ত্রী ও সন্তানেরা থানায় আসেন। প্রথম দফায় জিজ্ঞাসাবাদের সময় ছাত্রীটি কোনো অভিযোগ করেননি। বরং ওয়াজেদ আলীর বিরুদ্ধে মামলা করতে অনীহা প্রকাশ করেন। পরে পুলিশ তাঁকে তাঁর মায়ের জিম্মায় দেয়। তবে থানা থেকে বের হওয়ার পর ওয়াজেদ আলী বিয়ের আশ্বাস দিয়ে ওই ছাত্রীকে সঙ্গে নিয়ে যান। জয়পুরহাট জেলা কারাগারের কাছে পৌঁছানোর পর তিনি বিয়ে করতে অস্বীকৃতি জানান। এতে ওই ছাত্রী জয়পুরহাট রেলস্টেশনে গিয়ে রেললাইনে বসে পড়েন। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পরে জিজ্ঞাসাবাদে ওই ছাত্রী অভিযোগ করেন, বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘদিন ধরে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন ওয়াজেদ আলী। এ ঘটনায় তিনি তাঁর বিরুদ্ধে মামলা করেন।
ওসি নুরে আলম সিদ্দিকী বলেন, ছাত্রীর অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। অভিযুক্ত ওয়াজেদ আলীকে এখনো গ্রেপ্তার করা যায়নি। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগী ছাত্রীর মেডিকেল পরীক্ষা করা হয়েছে। তাঁর নিরাপত্তার জন্য আদালতে আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।
জয়পুরহাট জেলা কারাগারের জেল সুপার উম্মে সালমা বলেন, ওয়াজেদ আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৩:৫৯:৫৬ ২৬ বার পঠিত | ● ওয়াজেদ আলী ● কারারক্ষীর বিরুদ্ধে ধর্ষণ মামলা ● জয়পুরহাট জেলা কারাগার