ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
পাবনা: চাটমোহরে কেনা জমিতে ঘরবাড়ি নির্মাণ করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন এক বিধবা ও তার পরিবার। তবে ওই পরিবারকে জমি থেকে উচ্ছেদের অপচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় কয়েক দফা সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। পরে আদালতের দ্বারস্থ হলে মামলা তুলে নিতে ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার মুলগ্রাম ইউনিয়নের শাহাপুর গ্রামের মৃত আলাউদ্দিনের স্ত্রী জামেনা খাতুন ২০১৫ সালে একই গ্রামের মৃত নজির মোল্লার ছেলে মোক্তার মোল্লার কাছ থেকে সন্তোষপুর মৌজায় ১১ শতক জমি কেনেন। পরে জমিটি খাজনা-খারিজ করে সাত বছর আগে সেখানে ঘরবাড়ি নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস শুরু করেন তিনি। কিছুদিন পর কেনা জমির পাশ দিয়ে পাকা রাস্তা নির্মিত হলে জমি বিক্রেতা মোক্তার মোল্লার আত্মীয়স্বজনরা জামেনা খাতুনের পরিবারকে জমি ছেড়ে দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। বর্তমানে তারা জমি বিক্রির বিষয়টি অস্বীকার করছেন।
জামেনা খাতুন বলেন, ‘এটি আমার কেনা জমি। দলিলও আছে। কিন্তু এখন তারা জমি দিতে চাচ্ছে না। আমাদের এলাকা থেকে তাড়িয়ে দিতে উঠেপড়ে লেগেছে। বিভিন্ন সময় বাড়িতে এসে হুমকি-ধমকি দিচ্ছে। এ নিয়ে থানায় কয়েকবার সালিশ হয়েছে। কিন্তু তারা কিছুই মানছে না। পরে পুলিশের পরামর্শে আদালতে দুটি মামলা করেছি।’
অভিযুক্তরা হলেন শাহাপুর গ্রামের আমিন উদ্দিন, জাহিন, মজনু, মহির উদ্দিন, ইন্তাজ, আশরাফুলসহ আরও অনেকে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, অভিযুক্তদের মধ্যে ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মহির উদ্দিন নেতৃত্ব দিচ্ছেন।
জামেনা খাতুনের ছেলে সবুজ সরকার বলেন, ‘বিএনপি নেতা মহির উদ্দিন জমি বিক্রেতা মোক্তার মোল্লার ভাতিজা। তিনি তাদের নেতৃত্ব দিয়ে আমাদের ওপর নির্যাতন চালাচ্ছেন। বাড়িতে এসে আমাদের ওপর হামলার চেষ্টা করছেন। আমাকে তুলে নিয়ে যাওয়া এবং আমাদের এলাকা থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন। গত ২০ নভেম্বর লোকজন নিয়ে এসে আমাদের ওপর হামলার চেষ্টা করেন। আমার খালু মমিন আলী আমাদের পাশে দাঁড়িয়েছেন বলে তাকেও মারধর করেছেন তারা।’
জামেনা খাতুনের বোনজামাই মমিন আলী বলেন, ‘জামেনা খাতুনের পরিবারের পাশে থেকে সহযোগিতা করায় গত ১৭ নভেম্বর অভিযুক্তরা একবার আমাকে মারধরের চেষ্টা করে। এরপর ২০ নভেম্বর বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে দ্বিতীয় দফায় তারা আমাকে মারধর করে। আমাকে ওই মামলা তুলে নিতে নির্দেশ দেয়। মামলা না তুললে গুম করে ফেলবে বলেও হুমকি দেয়। পরে এ হামলার ঘটনায় আদালতে ১০ জনকে আসামি করে মামলা করেছি।’
এ বিষয়ে ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল কুদ্দুস রেজা বলেন, ‘বিষয়গুলো আমি জানি। জামেনা খাতুনের জমি কেনার কাগজপত্র সব সঠিক আছে। কিন্তু ওই জমির পাশ দিয়ে রাস্তা হওয়ায় জায়গাটির অবস্থান ভালো হয়েছে। এখন জমি বিক্রেতার স্বজনরা ওই জমি বিক্রির বিষয়টি মানছেন না। এ নিয়ে একাধিকবার সালিশ-বিচার হয়েছে। কিন্তু কোনো সমাধান হয়নি।’
অভিযুক্ত বিএনপি নেতা মহির উদ্দিন বলেন, ‘জামেনা খাতুন জমি কিনেছেন। সেখানে নিজের কেনা জমিতে বসবাস করছেন। সব ঠিক আছে। কিন্তু আমার চাচাতো ভাই জাহাঙ্গীরের বাড়ির সঙ্গে তার জমি রয়েছে। জামেনার মোটরের পানি সেই জমিতে ফেলেন। এটা নিষেধ করায় তারা ক্ষিপ্ত হয়েছেন। আমার ভাতিজাকে মারার চেষ্টা করেছিলেন জামেনার ছেলে সবুজ। এ ঘটনা নিয়ে সেদিন আমরা তাদের বাড়িতে খোঁজ নিতে গিয়েছিলাম। সেখানে তাদের ওপর হামলা বা কাউকে মারধর করা হয়নি। কেউ যদি মিথ্যার আশ্রয় নেয়, তাহলে কিছু করার নেই।’
জমি বিক্রেতা মোক্তার মোল্লা বলেন, ‘আমি আমার অংশের জমি বিক্রি করেছি। সেই জমি তাদের বুঝিয়ে দিয়েছি। খাজনা-খারিজও তার নামে হয়ে গেছে। সেখানে অনেক দিন ধরে বসবাসও করছে। কিন্তু আমার আত্মীয়স্বজনরা তাদের সঙ্গে ঝামেলা করলেও আমি কিছু করতে পারছি না। কারণ, তারা সংখ্যায় অনেক, আমি একা। তাদের নিষেধ করলেও তারা শোনে না। আমি অসহায়।’
এ বিষয়ে চাটমোহর থানার ওসি বলেন, ‘অভিযোগের বিষয়টি মনে পড়ছে না। অভিযোগকারী থানায় না এলে বলতে পারছি না। তাদের পাঠিয়ে দিয়েন। কারণ, অভিযোগ এলে কর্মকর্তাদের দায়িত্ব দিয়ে দিই। আর থানায় কোনো বৈঠক হয়েছে কি না, তা এই মুহূর্তে মনে করতে পারছি না।’
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:০৩:১৩ ১ বার পঠিত | ● চাটমোহর জমি বিরোধ ● জামেনা খাতুন ● শাহাপুর জমি দখল