ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
পটুয়াখালী: কুয়াকাটায় শেষ হয়েছে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী রাসলীলা ও রাসপূর্ণিমা উৎসব। মঙ্গলবার সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সৈকতে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হয় উৎসবের আনুষ্ঠানিকতা। তবে প্রতি বছর লক্ষাধিক মানুষের সমাগম ঘটলেও এবার পর্যটকের উপস্থিতি ছিল তুলনামূলক কম। ফলে মেলা ও স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে আশানুরূপ বেচাকেনা হয়নি।
সোমবার গঙ্গাবরণ বা মঙ্গলঘট পূর্ণকরণের মধ্য দিয়ে শুরু হয় রাসপূজার আনুষ্ঠানিকতা। বিকেল সাড়ে পাঁচটায় সৈকতের জিরো পয়েন্ট-সংলগ্ন সমুদ্রে তেল, সিঁদুর, ফুল, তুলসী, বেলপাতা ও ধূপ-দীপ দিয়ে পূজার্চনা শেষে মঙ্গলঘটে পানি পূর্ণ করা হয়। পরে সৈকতসংলগ্ন কুয়াকাটা শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রমে মঙ্গলঘট স্থাপন করা হয়। এ সময় শঙ্খধ্বনি, উলুধ্বনি ও ঢাকঢোলের বাদ্যে মুখর হয়ে ওঠে সৈকত এলাকা।
রাতভর চলে ধর্মীয় নৃত্য, শ্রীমদ্ভাগবত পাঠ, রাসলীলা কীর্তন ও পূজার্চনা। মঙ্গলবার ভোর পাঁচটায় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সৈকতে গঙ্গাস্নান বা পুণ্যস্নানের মধ্য দিয়ে দুই দিনের ধর্মীয় আয়োজনের সমাপ্তি ঘটে।
প্রতি বছর রাসলীলা উৎসবকে কেন্দ্র করে কুয়াকাটায় লক্ষাধিক পর্যটক ও দর্শনার্থীর সমাগম ঘটে। তবে এবার পর্যটকের উপস্থিতি তুলনামূলক কম থাকায় সৈকতসংলগ্ন মেলা ও কুয়াকাটার স্থায়ী দোকানগুলোতে আশানুরূপ বেচাকেনা হয়নি। এতে হতাশা প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।
উৎসব উপলক্ষে কুয়াকাটায় হাজার হাজার পুণ্যার্থীর আগমন ঘটে। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তিন শতাধিক পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, দ্বাপর যুগে রাধা-কৃষ্ণের প্রেমলীলাকে কেন্দ্র করেই রাস উৎসবের প্রচলন হয়। সেই বিশ্বাস ও ধর্মীয় ঐতিহ্য ধারণ করে প্রায় দুই শত বছর ধরে কুয়াকাটায় উদযাপিত হয়ে আসছে এ উৎসব।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:১১:৩৬ ১ বার পঠিত | ● কুয়াকাটা পর্যটন ● কুয়াকাটা রাসলীলা উৎসব ● রাসপূর্ণিমা