ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
ময়মনসিংহ: ভালুকায় শ্রমিকদের বিক্ষোভের চেষ্টাকে কেন্দ্র করে একটি তৈরি পোশাক কারখানায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করেছে। এতে ধোঁয়ায় আক্রান্ত হয়ে সাত শ্রমিক কারখানার মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকায় অবস্থিত পি.এ নিট কম্পোজিট গার্মেন্টস ও টেক্সটাইল কারখানায় এ ঘটনা ঘটে। বিকেল ৪টা পর্যন্ত কারখানার ভেতরে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল।
পুলিশ ও কারখানা সূত্রে জানা গেছে, কারখানাটিতে প্রায় ৫ হাজার শ্রমিক কাজ করেন। বৃহস্পতিবার সকালে অন্য দিনের মতোই শ্রমিকেরা কাজে যোগ দেন। দুপুর ১টা থেকে ২টার মধ্যে মধ্যাহ্নভোজের বিরতি চলাকালে তারা সংঘবদ্ধ হয়ে কারখানা থেকে বেরিয়ে সড়কে আন্দোলন করার চেষ্টা করেন। দুপুর ২টার দিকে শ্রমিকেরা কারখানার গেট দিয়ে বের হতে চাইলে সেখানে দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করেন। পরে শ্রমিকেরা কারখানার ভেতরে ফিরে যান।
কারখানাটির মানবসম্পদ বিভাগের সহকারী মহাব্যবস্থাপক আহেমদ জাহান রুমী বলেন, সকালে শ্রমিকেরা স্বাভাবিকভাবেই কাজে যোগ দিয়েছিলেন। তবে দুপুরের খাবারের বিরতির সময় তারা আন্দোলনে যাওয়ার চেষ্টা করেন। এ সময় টিয়ারশেলের ধোঁয়ায় আক্রান্ত সাত শ্রমিক কারখানার মেডিকেল সেন্টারে চিকিৎসা নেন।
তিনি আরও বলেন, শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও তা সঠিক নয়। ঘটনার পর থেকে কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। শ্রমিকদের অল্প অল্প করে কারখানা থেকে বাইরে বের করে দেওয়া হচ্ছে।
এ বিষয়ে শিল্প পুলিশ-৫-এর পুলিশ সুপার মো. আনছার উদ্দিন বলেন, শ্রমিকেরা আন্দোলনের উদ্দেশ্যে কারখানা থেকে বের হতে চাইলে তাদের বোঝানোর চেষ্টা করা হয়। কিন্তু তারা না মানায় বল প্রয়োগ করতে হয়েছে। এ সময় সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়।
তিনি আরও বলেন, কতটি সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানানো সম্ভব নয়। ঘটনাস্থলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পুলিশ সদস্যরা অবস্থান করছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:২৮:৩১ ৯ বার পঠিত | ● পি.এ নিট কম্পোজিট গার্মেন্টস ● ভালুকায় শ্রমিক বিক্ষোভ ● শিল্প পুলিশ-৫