ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
কুড়িগ্রাম: উলিপুরে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে নিম্ন আয়ের মানুষের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চর কিশামত ফুলবাড়ী এলাকার একটি গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন উলিপুর উপজেলার সাদুয়া দামারহাট এলাকার আজিজুর রহমানের ছেলে কাজল মিয়া (৪৪), চিলমারী উপজেলার মাচাবান্ধা এলাকার জয়নাল আবেদীনের ছেলে চাঁদ মিয়া (৪৯) এবং উলিপুর উপজেলার ধরনীবাড়ী সরকারপাড়া এলাকার আব্দুল লতিফের ছেলে রুহুল আমিন (৪৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস দিয়ে নিম্ন আয়ের ও অসহায় মানুষের কাছ থেকে জনপ্রতি পাঁচ হাজার টাকা করে আদায় করছিলেন তারা। বিষয়টি স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাদের অবরুদ্ধ করে রাখা হয়। পরে স্থানীয়রা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা, ট্যাবসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। ২৫ নভেম্বর তাদের কারাগারে পাঠানো হয়েছে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত আলী সরকার বলেন, ফ্যামিলি কার্ড দেওয়ার নামে প্রতারণার অভিযোগে তাদের আটক করা হয়েছে। এ ঘটনায় একটি প্রতারণার মামলা হয়েছে। আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৭:৪৭:৪৯ ৬ বার পঠিত | ● উলিপুরে ফ্যামিলি কার্ড প্রতারণা ● কুড়িগ্রাম প্রতারণা ● ফ্যামিলি কার্ডের নামে অর্থ আদায়