![]()
ঠাকুরগাঁও: পীরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে উপজেলা পরিষদ থেকে একটি র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সভাপতি মো. রুহুল আমিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, উপজেলা যুবদলের সভাপতি মো. নজমুল হুদা মিঠু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির বাবুল আহম্মেদ, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, ভাই ভাই মোজারেলা চিজ অ্যান্ড ডেইরি ফার্মের স্বত্বাধিকারী হাবিবুর রহমান হবি এবং আলিফ ট্রেডার্স অ্যান্ড ফার্মের স্বত্বাধিকারী মো. মেহেদী হাসান রাসেল প্রমুখ।
উল্লেখ্য, প্রাণিসম্পদ অধিদপ্তরের ২০২৫-২৬ অর্থবছরের তথ্য অনুযায়ী, দেশে দুধ উৎপাদন হয়েছে ১৫৭ দশমিক ৫৩ লাখ মেট্রিক টন, মাংস ৯০ দশমিক ৭০ লাখ মেট্রিক টন এবং ডিম ২ হাজার ৫০৯ কোটি ৪১ লাখ। দেশের প্রায় ৪৩ দশমিক ৬৪ শতাংশ পরিবার কোনো না কোনোভাবে প্রাণিসম্পদ ও পোলট্রি খাতের সঙ্গে সম্পৃক্ত। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ খাতে বিপুলসংখ্যক মানুষ যুক্ত রয়েছেন। জাতীয় অর্থনীতিতে এ অগ্রযাত্রায় পিছিয়ে নেই ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলাও।
এ উপজেলায় গবাদিপশু ও হাঁস-মুরগির চিকিৎসা, রোগ শনাক্তকরণ, নিয়মিত টিকাদান এবং সংক্রামক রোগ প্রতিরোধে মাঠপর্যায়ে সেবা দিচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা। পাশাপাশি কৃত্রিম প্রজনন কার্যক্রমের মাধ্যমে উন্নত জাতের পশু উৎপাদন ও গবাদিপশুর উৎপাদনক্ষমতা বৃদ্ধিতেও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের পরিসংখ্যান অনুযায়ী, পীরগঞ্জে মোট খামারের সংখ্যা ২ হাজার ২০৮টি। এর মধ্যে নিবন্ধিত ও অনিবন্ধিত গবাদিপশুর খামার ১ হাজার ৫৯৪টি এবং পোলট্রি ও অন্যান্য পাখির খামার ৬১৪টি। গবাদিপশুর খামারের মধ্যে গাভির খামার ১ হাজার ২৭টি, গরু হৃষ্টপুষ্টকরণ খামার ১৬৪টি, ছাগলের খামার ৩৮৬টি এবং ভেড়ার খামার ১৭টি।
পোলট্রি ও অন্যান্য পাখির খামারের মধ্যে ব্রয়লার মুরগির খামার ২৫৬টি, লেয়ার মুরগির ১১৮টি, সোনালি মুরগির ৭৬টি, হাঁসের ১৩৪টি, কবুতরের ২৬টি এবং কোয়েলের ৩টি।
এ ছাড়া উপজেলায় ২৫৭ হেক্টর জমিতে ঘাস চাষ হয়। ঘাসের বাজার রয়েছে ২৮টি, দুধের বাজার ২২টি এবং মিল্ক কালেকশন পয়েন্ট ৩টি। দই, মিষ্টিসহ বিভিন্ন দুগ্ধজাত পণ্যের দোকান রয়েছে ৩৬টি। গরু, খাসি ও মুরগিসহ বিভিন্ন ধরনের মাংসের দোকান রয়েছে ৫৪টি। এ ছাড়া চিজ ফ্যাক্টরি ৩টি, স্থায়ী ও অস্থায়ী পশুর হাট ৩টি এবং গরু, খাসি ও হাঁসের মাংসের জন্য জনপ্রিয় হোটেল রয়েছে ১৪টি। সব মিলিয়ে শুধু প্রাণিসম্পদ খাতেই প্রায় ৪৫০ কোটি টাকার বাজার রয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৭:৫৩:৩১ ৯ বার পঠিত | ● জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ ● ঠাকুরগাঁওয়ের খামার ● পীরগঞ্জ প্রাণিসম্পদ খাত ● প্রাণিসম্পদ বাজার