ঢাকা    শনিবার, ২৮ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » খুলনা » সুন্দরবনে বনদস্যুদের অস্ত্র সরবরাহের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার

সুন্দরবনে বনদস্যুদের অস্ত্র সরবরাহের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার


কয়রা ( খুলনা ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর ২০২৬


সুন্দরবনে বনদস্যুদের অস্ত্র সরবরাহের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার

খুলনা: সুন্দরবনের বনদস্যুদের কাছে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের অভিযোগে খুলনার কয়রা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমানকে (৩৭) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬। একই সঙ্গে বনদস্যুদের খাদ্য ও রসদ সরবরাহের অভিযোগে আব্দুর রহিম (২৬) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার এসআরবি-৬-এর পক্ষ থেকে সংবাদ সম্মেলনে জানানো হয়, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে কয়রা উপজেলার ৫ নম্বর কয়রা ইউনিয়নের পাড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৬ আরও জানায়, হাফিজুর রহমানকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে বনদস্যু দলের প্রধান ইয়াদ আলীপাড়ের বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় সেখান থেকে চারটি আগ্নেয়াস্ত্র, ২৫ রাউন্ড শটগানের গুলি এবং ৪৬০ রাউন্ড এয়ারগানের গুলি উদ্ধার করা হয়।

ব্যাটালিয়নটির দাবি, হাফিজুর রহমান সুন্দরবনের বনদস্যুদের কাছে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করতেন। অন্যদিকে, আব্দুর রহিম তাঁদের জন্য খাবার ও অন্যান্য রসদ পৌঁছে দিতেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান সম্পর্কেও বনদস্যুদের তথ্য সরবরাহ করতেন তিনি।

এ ঘটনায় গ্রেপ্তার দুজন এবং পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে কয়রা থানায় অস্ত্র আইনে মামলা করার প্রস্তুতি চলছে। গ্রেপ্তার ব্যক্তিদের উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদসহ পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে এসআরবি-৬।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:০৪:৫৯   ১৫ বার পঠিত  | ●   ●   ●   ●