![]()
কলকাতা: সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। বৃহস্পতিবার সন্ধ্যায় মিমি ও সিদ্ধার্থ দত্তের পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে তাঁদের আইনি বিয়ে সম্পন্ন হয়েছে।
পাত্র সিদ্ধার্থ দত্ত পেশায় একজন মেরিন ইঞ্জিনিয়ার। তিনি চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত নন।
ভারতীয় একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে কয়েক দিন ধরেই নানা জল্পনা চলছিল। বৃহস্পতিবার কলকাতার কসবার বাড়িতে আইনি বিয়ের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সেই জল্পনার অবসান ঘটে। অনুষ্ঠানে দুই পরিবারের সদস্যদের পাশাপাশি টালিউডের কয়েকজন ঘনিষ্ঠজন উপস্থিত ছিলেন।
বিয়ের আসরে প্রবেশের আগে অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্য ভারতীয় গণমাধ্যমকে জানান, তিনি এখন সম্পর্কে মিমির জা। অর্থাৎ ত্রমিলা হলেন সিদ্ধার্থের বৌদি।
ত্রমিলা বলেন, ‘আমার নিজের দেওরের সঙ্গেই বিয়ে হচ্ছে মিমির। আমাদের পরিবারের সবাই জাহাজের পেশায় যুক্ত। আমার স্বামী জাহাজের ক্যাপ্টেন আর সিদ্ধার্থ মেরিন ইঞ্জিনিয়ার। ও আমাদের থেকে অনেকটাই ছোট। মিমির সঙ্গে ওকে খুব ভালো মানিয়েছে। মিমিকে অনেক কাছ থেকে চিনেছি। খুব ভালো মেয়ে। ও খুব ভালো কথাও বলতে জানে। ওদের পরিবারের সকলেই খুব ভালো।’
আইনি বিয়েতে উপস্থিত থাকলেও আনুষ্ঠানিক বিয়ের অনুষ্ঠানে থাকতে পারবেন না ত্রমিলা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিয়ের মূল অনুষ্ঠান পাহাড়ে হচ্ছে। কিন্তু আমার মেয়ের পরীক্ষা চলবে সেই সময়ে, তাই যাওয়া হবে না। মিমি ও সিদ্ধার্থ দু’জনেই মিলে বিয়ের সব প্রস্তুতি নিয়েছেন।’
আইনি বিয়ের অনুষ্ঠানে সিদ্ধার্থ পরেছিলেন সাদা পাজামা-পাঞ্জাবি। অন্যদিকে, মিমি সেজেছিলেন সোনালি রঙের সাবেকি সাজে।
এদিকে, মিমির বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই কানাঘুষা চলছিল। তবে এ বিষয়ে অভিনেত্রী কিংবা তাঁর পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। একটি আমন্ত্রণপত্র ঘিরেই প্রথম বিয়ের খবর আলোচনায় আসে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই কার্ডে বর-কনের ছবির পাশাপাশি জায়গা পেয়েছিল অভিনেত্রীর তিন পোষ্যও। বিয়ের আমন্ত্রণপত্রে তাদের উপস্থিতি অনুরাগীদের নজর কেড়েছিল। বিয়ের প্রস্তুতি নিয়েও ইতিমধ্যে নানা খবর সামনে এসেছে।
আগামী ৩ থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত চলবে বিয়ের বিভিন্ন অনুষ্ঠান। ৩ ডিসেম্বর ডিনার, পরদিন মেহেদি ও সংগীত এবং ৫ ডিসেম্বর মূল বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। মালাবদল, সাতপাক ও সিঁদুরদানের মতো রীতিতে সম্পন্ন হবে বিয়ের আনুষ্ঠানিকতা। বড় আয়োজনের পরিবর্তে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়েই অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ০:৪৭:০৯ ১২ বার পঠিত | ● টালিউড ● মিমি চক্রবর্তী ● মিমির বিয়ে ● সিদ্ধার্থ দত্ত