ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
লালমনিরহাট: ১ লাখ ৭৬ হাজার টাকার জাল নোটসহ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি স্মার্টফোনও জব্দ করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে পৌরসভার মিশন মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের টাপুরচরের মধ্যচর এলাকার শেখ ফরিদের ছেলে মো. জুলফিকার আলী (২৭) এবং কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের উত্তর নওয়াবশ গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে মো. নুর আলম (৩৮)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে লালমনিরহাট থানা এলাকায় বিশেষ অভিযান চলছিল। রাত সাড়ে ১১টার দিকে বিডিআরগেট এলাকায় অবস্থানকালে গোপন সূত্রে পুলিশ জানতে পারে, মিশন মোড় এলাকার সীমান্ত হোটেলের সামনে কয়েকজন জাল নোট কেনাবেচা করছেন।
এ তথ্যের ভিত্তিতে লালমনিরহাট সদর থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে জুলফিকার আলী রাস্তার পশ্চিম দিকে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়। এরপর তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে দুটি খাম থেকে ১ লাখ ৭৬ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। এর মধ্যে একটি খামে ৫০০ টাকা মূল্যমানের ৩০০টি নোট, যার মোট মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। অপর খামে ছিল ২০০ টাকা মূল্যমানের ১৩০টি নোট, যার মোট মূল্য ২৬ হাজার টাকা। এ ছাড়া তার কাছ থেকে আনুমানিক ১৫ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোন জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে জুলফিকার পুলিশকে জানান, কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের উত্তর নওয়াবশ গ্রামের নুর আলম এবং তার অজ্ঞাতনামা দুই-তিনজন সহযোগীর কাছ থেকে তিনি এসব জাল নোট সংগ্রহ করেছিলেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ১টা ৫ মিনিটে কুড়িগ্রাম সদর থানা এলাকায় অভিযান চালিয়ে নুর আলমকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা অজ্ঞাতনামা আরও দুই-তিনজন সহযোগীর সঙ্গে যোগসাজশে দেশের বিভিন্ন স্থান থেকে জাল টাকা সংগ্রহ করে আসছিলেন। পরে সেগুলো আসল টাকা হিসেবে সরবরাহ ও ব্যবহার করতেন তারা। এ ঘটনায় লালমনিরহাট থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরুল হক সরকার বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ক (খ) ধারায় একটি মামলা করেছেন।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ বলেন, ঈদ বা বড় কোনো উৎসবকে কেন্দ্র করে অপরাধীরা এ ধরনের অপরাধের পরিকল্পনা করে। যেমন, আজ থেকে জেলায় ইজতেমা শুরু হয়েছে। উৎসবের আগে ও চলাকালে জেলা পুলিশ সব সময় বাড়তি প্রস্তুতি নিয়ে থাকে। সে অনুযায়ী এবারও অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং অপরাধীদের ধরতে অভিযান চালানো হচ্ছে।
তিনি আরও বলেন, জেলায় বড় ইজতেমা চলায় দেশ-বিদেশ থেকে বিভিন্ন মানুষ আসছেন। পুলিশ ধারণা করছে, অপরাধীরা এখানে জাল টাকা ব্যবহারের চেষ্টা করতে পারে। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে। নতুন কোনো তথ্য পাওয়া গেলে জানানো হবে।
এন/এস
বাংলাদেশ সময়: ০:৪২:০৭ ১৪ বার পঠিত | ● জাল নোট উদ্ধার ● মো. জুলফিকার আলী ● মো. নুর আলম ● লালমনিরহাটে জাল টাকা