ঢাকা    রবিবার, ২৯ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » খুলনা » ঝোড়ো বাতাসে নুয়ে পড়েছে আমন ধান, দ্রুত কাটতে ব্যস্ত ভেড়ামারার কৃষকেরা

ঝোড়ো বাতাসে নুয়ে পড়েছে আমন ধান, দ্রুত কাটতে ব্যস্ত ভেড়ামারার কৃষকেরা


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর ২০২৬


ঝোড়ো বাতাসে নুয়ে পড়েছে আমন ধান, দ্রুত কাটতে ব্যস্ত ভেড়ামারার কৃষকেরা

কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলায় ঝোড়ো বাতাসের প্রভাবে পাকা আমন ধান নুয়ে পড়েছে। উপজেলার বিভিন্ন মাঠে কোথাও ধানগাছ মাটিতে হেলে পড়েছে, আবার কোথাও পাকা ধান কেটে জমিতে ফেলে রাখতে দেখা যাচ্ছে। সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ ও প্রতিকূল আবহাওয়ার কারণে ফসলের ক্ষতি এড়াতে দ্রুত ধান কাটতে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষকেরা।

সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকার আমন ধানের মাঠ ঘুরে দেখা যায়, বিস্তীর্ণ ফসলের মাঠ সোনালি ধানে ভরে উঠেছে। তবে ঝোড়ো বাতাসে অনেক জমির পাকা ধান নুয়ে পড়েছে। এতে ধান কাটা, মাড়াই ও ফসল ঘরে তোলার কাজে বাড়তি ভোগান্তির আশঙ্কা করছেন কৃষকেরা।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, আমন ধান চাষে জমি প্রস্তুত, বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের পেছনে দীর্ঘদিন ধরে পরিশ্রমের পাশাপাশি অর্থ ব্যয় করেছেন তাঁরা। এখন ফসল ঘরে তোলার সময়। কিন্তু ঝোড়ো বাতাস ও আবহাওয়ার অনিশ্চয়তা তাঁদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। সময়মতো ধান কাটতে না পারলে ফলন ও ধানের মানের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।

উপজেলার কৃষক জসীম বলেন, অনেক কষ্ট করে ধান চাষ করেছি। এখন ধান পেকে গেছে। কিন্তু ঝোড়ো বাতাসে জমির ধান নুয়ে পড়েছে। তাই যত দ্রুত সম্ভব ধান কেটে ঘরে তোলার চেষ্টা করছি।

আরেক কৃষক নুর উদ্দিন বলেন, ধান কাটার উপযুক্ত সময় এসেছে। কিন্তু আবহাওয়া নিয়ে দুশ্চিন্তায় আছি। একদিকে ধান কাটার শ্রমিক পাওয়া কঠিন, অন্যদিকে দেরি হলে ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয় কৃষক দুলাল বলেন, সারা বছরের সংসারের অনেকটা নির্ভর করে এই আমন ধানের ওপর। জমির ধান নুয়ে পড়ায় কাটতে সমস্যা হচ্ছে। দ্রুত ধান ঘরে তুলতে না পারলে আমাদের লোকসানের মুখে পড়তে হতে পারে।

কৃষকদের দাবি, এ সময় কৃষি বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হলে তাঁরা দ্রুত ও নিরাপদে পাকা ধান ঘরে তুলতে পারবেন।

কৃষকের সারা বছরের পরিশ্রমের ফসল আমন ধান। তাই প্রতিকূল আবহাওয়ার এ সময়ে কৃষকের উৎপাদিত ফসল রক্ষা এবং প্রয়োজনীয় কৃষি পরামর্শ নিশ্চিত করা জরুরি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৫৬:৫৯   ১৫ বার পঠিত  | ●   ●   ●