ঢাকা    রবিবার, ২৯ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে দেশীয় মাছের তীব্র সংকট, হারিয়ে যাচ্ছে পরিচিত প্রজাতি

কাউখালীতে দেশীয় মাছের তীব্র সংকট, হারিয়ে যাচ্ছে পরিচিত প্রজাতি


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর ২০২৬


কাউখালীতে দেশীয় মাছের তীব্র সংকট, হারিয়ে যাচ্ছে পরিচিত প্রজাতি

পিরোজপুর: কাউখালীতে দেশীয় প্রজাতির মাছের তীব্র সংকট দেখা দিয়েছে। হাট-বাজারে এসব মাছের সরবরাহ কমে যাওয়ায় সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। একসময় গ্রামীণ জনপদের মানুষের দৈনন্দিন খাদ্যতালিকায় নিয়মিত থাকা এসব মাছ এখন অনেকটাই ‘সোনার হরিণে’ পরিণত হয়েছে। ফলে চিরায়ত ‘মাছে-ভাতে বাঙালি’ পরিচিতি এখন কেবল কথার কথা ও স্মৃতিতে সীমাবদ্ধ হয়ে পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সরেজমিনে দেখা যায়, দেশীয় মাছের নাম শুনলে অনেকের মুখে পানি এলেও বাস্তবে বাজারে সেসব মাছের দেখা মেলে না। বর্তমান প্রজন্মের শিশু-কিশোররা পাঠ্যবইয়ে বিভিন্ন দেশীয় মাছের নাম ও বিবরণ পড়লেও বাস্তবে সেগুলো দেখার কিংবা চেনার সুযোগ পাচ্ছে না। এমনকি অনেক কিশোর-তরুণই বিভিন্ন মাছের নাম বলতে পারছে না।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, একসময় কাউখালীসহ উপকূলীয় ও প্রত্যন্ত অঞ্চলের মানুষ খাল-বিল, নদী-নালা ও বিভিন্ন জলাশয়ে নানা কৌশলে মাছ ধরতেন। ভেদা, তপশী, কাজলী, রুই, কাতলা, মৃগেল, বোয়াল, চিতল, মাগুর, শিং, শোল, গজার, পাবদা, কৈ, টেংরা, পুঁটি, টাকি, চিংড়ি, মলা-ঢেলা, খলিশা ও কাচকিসহ অন্তত অর্ধশতাধিক প্রজাতির দেশীয় মাছ পাওয়া যেত। স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি এসব মাছ দেশের বিভিন্ন অঞ্চলেও পাঠানো হতো।

সংশ্লিষ্টদের মতে, জলাশয় ও খাল-বিল ভরাট, নদ-নদীর নাব্যতা কমে যাওয়া, অবৈধ জালের অবাধ ব্যবহার এবং পোনা মাছ নিধনের কারণে দেশীয় মাছের সংকট তীব্র হয়েছে। এ ছাড়া কৃষিজমিতে মাত্রাতিরিক্ত ও নিয়মবহির্ভূত কীটনাশক ও রাসায়নিকের ব্যবহার, জলবায়ুর বিরূপ প্রভাব, জলাবদ্ধতা এবং প্রাকৃতিক বিপর্যয় দেশীয় মাছের প্রজনন ও বিস্তারে বাধা সৃষ্টি করছে।

কাউখালীর মাছ ব্যবসায়ী ইয়াকুব আলী বলেন, বর্ষাকালে বাজারে কিছু দেশীয় ছোট-বড় মাছ পাওয়া গেলেও বর্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সংকট প্রকট হয়ে ওঠে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় সারা বছরই দেশীয় মাছ চড়া দামে বিক্রি করতে হয়।

এ বিষয়ে কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, পুকুর ও খাল-বিল ভরাটের কারণে দেশীয় প্রজাতির মাছ এখন বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। কিছু অসাধু চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পোনা ও ছোট মাছ নিধন করছে। দেশীয় মাছ রক্ষায় নিষিদ্ধ কারেন্ট জালের কারখানা বন্ধ করার পাশাপাশি অবৈধ জালের ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রণ করা জরুরি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:১৮:৩৬   ১৭ বার পঠিত  | ●   ●   ●   ●