পটুয়াখালী:
গণঅধিকার পরিষদের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা বিষয়ক সহ-সম্পাদক নিখোঁজ রবিউল আউয়াল অন্তরকে (৩০) উদ্ধার করেছে পুলিশ।
অন্তর পটুয়াখালীর কলাপাড়ার লোন্দা গ্রামের বাসীন্দা রবিবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকার কামরাঙ্গীর চর এলাকার আশ্রাফাবাদ নবীনগর এলাকার একটি ঘর থেকে তাকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম।
এর আগে, গত বৃহস্পতিবার মধ্যরাতে কলাপাড়া পৌর শহরের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন অন্তর। সেসময় কলাপাড়া-পটুয়াখালী সড়কের রজপাড়া মাদরাসা সংলগ্ন সড়ক থেকে পার্কিং করা অবস্থায় তার ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করেছিল পুলিশ। এর কিছুটা দূর থেকে একটি হেলমেট উদ্ধার হয়। অন্তর নিখোঁজ হওয়ার পরপরই কলাপাড়া থানায় একটি জিডি হয়।
এ ছাড়া গত শুক্রবার অন্তরের বড় ভাই তুষার আল মামুন পায়রাসম তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ কর্মকর্তার নাম উল্লেখ করে থানায় মামলা করেন। অন্তর দীর্ঘদিন ধরে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষতিপূরণ আদায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের চাকরিসহ আট দফা দাবি আদায়ে আন্দোলন করে আসছিলেন বলে জানায় পরিবার।
অন্তরের বাবা মো. সোলাইমান বলেন,“আমার ছেলে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষতিপূরণ আদায়, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের চাকরিসহ আট দফা দাবি আদায়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। অন্তরকে পাওয়ার খবরে স্বজনরা শুকরিয়া আদায় করেছেন। কীভাবে তাকে উদ্ধার করা হয়েছে তা আমরা এখন পর্যন্ত জানতে পারিনি।”
কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, “পটুয়াখালী পুলিশ সুপার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত ব্রিফ করবেন।
আর/ এন
বাংলাদেশ সময়: ১৮:২৭:৪২ ১৩৩ বার পঠিত | ● অধিকার ● ছাত্র ● নেতা ● পরিষদ ● মরদেহ