ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
প্রচ্ছদ » ময়মনসিংহ » ত্রিশালে পোশাক কারখানার ১৩ শ্রমিক অসুস্থ , তদন্ত কমিটি গঠন

ত্রিশালে পোশাক কারখানার ১৩ শ্রমিক অসুস্থ , তদন্ত কমিটি গঠন


ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ মার্চ ২০২৫


ত্রিশালে পোশাক কারখানার ১৩ শ্রমিক অসুস্থ , তদন্ত কমিটি গঠন
ময়মনসিংহ: ত্রিশালে জেওসি বিডি নামে একটি পোশাক কারখানায় কর্মরত ১৩ শ্রমিক বুধবার রাতে হটাৎ অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে ১০ জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীণ রয়েছেন। এ ঘটনায় বৃহস্পতিবার কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
উপজেলার রামপুর ইউনিয়নের বীররামপুর এলাকায় গড়ে উঠেছে জেওসি বিডি গার্মেন্টস কোম্পানি লিমিটেড নামে একটি পোশাক তৈরির কারখানা। প্রতিদিনের মতো বুধবারও সুস্থভাবেই কাজ করছিলেন কারখানার শ্রমিকরা। সকাল ১১ টার পর থেকে হটাৎ কয়েক শ্রমিক অসুস্থতা বোধ করতে থাকেন। সন্ধ্যার পর থেকে বাড়তে থাকে শ্রমিকদের অসুস্থতার মাত্রা। অচেতন হয়ে পড়া অবস্থায় লিপি আক্তার (২২), আবু বকর সিদ্দিক (৪৫), মো. মামুন (৩৫), মোসা. সুবর্না (২৬), মোসা. ইতি (২০), মো. মাহবুবুর রহমান (২২), মোসা. নূরুন নাহার (২৮), সাথী (২৫), মিম (১৯), সালমা (২২), তাহিমনা আক্তার অপর্না (২২), স্মৃতি (২২) ও তানজিলা (২২) নামে ১৩ জনকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে রেফার করা হয়। তাদের মধ্যে ১০ জন শ্রমিক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীণ।
ওই ঘটনায় বৃহস্পতিবার তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
চিকিৎসাধীন শ্রমিকরা জানান, সকাল ৭ টায় কারখানায় কাজ শুরু হলেও ১১ টার পর হঠাৎ এক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। দুপুরের পর আরও কয়েকজন এবং ইফতারের পর আরও কয়েকজন হঠাৎ অচেতন হয়ে পড়ে যেতে থাকলে রাত ১০ টার পরিবর্তে ৮টার দিকে কারখানার সকল শ্রমিককে ছুটি দেয়া হয়। অচেতন হয়ে পড়া সবাইকে হাসপাতালে নেয়া হয়।
কারখানার সেকশন ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, ডিউটির চাপ একটু বেশি ছিলো। রোজায় অনেকের শরীর দুর্বল ছিলো। এ কারণে হয়তো শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এমদাদ উল্লাহ খান বলেন, শ্রমিকদের মাথা ঘুরাচ্ছিল, ঝিমঝিম করছিল তাদের শরীর এবং ক্ষণেক্ষণে অচেতন হয়ে যাচ্ছিল। পরীক্ষা নিরীক্ষা ও রোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ‘মাস সাইকোলজিক্যাল ইলনেস’ থেকে শ্রমিকদের এমনটি হয়েছে।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ময়মনসিংহ কার্যালয়ের উপ মহাপরিদর্শক আহমাদ মাসুদ বলেন, কারখানায় কাজ করতে গিয়ে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়ার ঘটনায় আজ ও আগামীকাল কারখানাটিতে সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় আজ আমরা তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত প্রতিবেদনের আলোকে পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৩:১২:২৪   ১৫৮ বার পঠিত  |