ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ২১ মার্চ ২০২৫
প্রচ্ছদ » রাজশাহী » বিপুল পরিমান গাঁজা ও দেশীয় অস্ত্রসহ নারী মাদক ব্যবসায়ী আটক

বিপুল পরিমান গাঁজা ও দেশীয় অস্ত্রসহ নারী মাদক ব্যবসায়ী আটক


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ মার্চ ২০২৫


বিপুল পরিমান গাঁজা ও দেশীয় অস্ত্রসহ নারী মাদক ব্যবসায়ী আটক

পাবনা: চাটমোহরে যৌথবাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ গাঁজাসহ রুবিয়া খাতুন নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মির্জাপুর কলেজ পাড়া থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় আটক নারী মাদক ব্যবসায়ীর নামে থানায় পুথক দু’টি মামলা দায়ের হয়েছে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মির্জাপুর এলাকায় কৌশলে কুখ্যাত মাদক ব্যবসায়ী ওই এলাকার মৃত ঈমান শেখের ছেলে ইদ্রিস আলী ওরফে ইদ্দি ও তার স্ত্রী রুবিয়া খাতুন দীর্ঘদিন ধরে স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন বয়সী মাদকসেবী ও কারবারিদের কাছে তারা পাইকারী ও খুচরা হিসেবে গাঁজা বিক্রি করছিল । বিষয়টি ভাঙ্গুড়া সেনাবাহিনীর ক্যাম্পের সদস্যরা জানতে পেরে পুলিশের সহযোগিতায় ইদ্দির বাড়িতে অভিযান চালান।

এ সময় সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান মাদক কারবারি ইদ্রিস ওরফে ইদ্দি। কিন্তু চেষ্টা করেও পালাতে পারেননি তার স্ত্রী রুবিয়া খাতুন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘর এবং উঠানের পলিথিনে মোড়ানো মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় ৬ কেজি ২শ’ গ্রাম গাঁজা, দু’টি চাপাতি ও দু’টি চাকু উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে রুবিয়া খাতুনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম জানান, আটক মাদক ব্যবসায়ী রুবিয়া ও তার স্বামী দু’জনেই মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় থানায় মাদক ও অস্ত্র¿ আইনে পৃথক দু’টি মামলা রেকর্ড করা হয়েছে। আটক রুবিয়া খাতুনকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৫২:০১   ২৪৬ বার পঠিত  |