![]()
ঢাকা:ফরিদপুর-২ (সংসদীয় আসন ২১২) নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে এই আসন গঠিত। রাজনীতি, অর্থনীতি ও ভৌগোলিকভাবে সালথা উপজেলা ফরিদপুরের মধ্যে গুরুত্বপূর্ণ।
রবিবার (২২ জুন) দীর্ঘ ১৬ বছর পর এই প্রথম আনুষ্ঠানিকভাবে সালথা উপজেলার বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
কর্মী সম্মেলনে ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুল হক টুলুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ( ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ ইসলাম রিংকু, বিশেষ অতিথি ফরিদপুর জেলা বিএনপি’র আহ্বায়ক অ্যাড. সৈয়দ মোদাররেছ আলী ইছা, প্রধান বক্তা ফরিদপুর জেলা বিএনপি’র সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, অতিথি ফরিদপুর জেলা বিএনপির সদস্য মো. আমিনুর রহমান মুসা ও সভাপতি হিসেবে ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলার উপস্থিত থাকার কথা রয়েছে।
সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ তৈরি হয়েছে। পদ-পদবীর জন্য নেতারা বিএনপির শীর্ষ নেতাদের সাথে লবিং শুরু করেছেন, আবার অনেকেই গণসংযোগে ব্যস্ত। কর্মীরা তাঁদের নেতার সমর্থনে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। পোস্টার, ব্যানার, লিফলেটসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে প্রচার-প্রচারণা।
কর্মী সম্মেলন সফল করতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন।
সালথা উপজেলা গঠনের পর দুইবার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলেও তা সালথা উপজেলায় অনুষ্ঠিত হয়নি। তাই কর্মী সম্মেলন নেতাকর্মীদের মাঝে আলাদা গুরুত্ব পাচ্ছে। বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের মাঝেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা কাজ করছে। সবার মাঝে উৎসবের আমেজ তৈরি হয়েছে।
বিএনপির সম্মেলনে উল্লেখযোগ্য সভাপতি প্রার্থী রয়েছেন সালথা উপজেলার সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, সিনিয়র সহ-সভাপতি মো. মনিরুজ্জামান হুমায়ুন খা, বিএনপি নেতা হাফিজুর রহমান মুন্নু, হাবিবুর রহমান হাবিব, মো. ফরিদুর রহমান প্রমুখ। উল্লেখযোগ্য সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে রয়েছেন সালথা উপজেলার সদ্য বিলুপ্ত কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, যুগ্ম সম্পাদক মো. শাহিনুর রহমান, বিএনপি নেতা অ্যাডভোকেট মো. জাহিদুল হাসান লাভলু, মো. রাশেদ মিয়া, ফরিদপুর জেলা যুবদলের নেতা এডভোকেট আজিজুর রহমান লিটন প্রমুখ।
কর্মী সম্মেলন নিয়ে সদ্য বিলুপ্ত কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ বলেন, কেন্দ্রীয় কমিটির নির্দেশে সালথায় এই প্রথম আমরা কর্মী সম্মেলনের আয়োজন করেছি। কর্মী সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ দেখতে পারছি। কর্মী সম্মেলনে আমাদের সুপরিকল্পিত প্রস্তুতি রয়েছে। আমি নেতাকর্মীদের বলবো, দক্ষিণ বঙ্গের অগ্নিকন্যা শামা ওবায়েদ আমাদের অহংকার। কোন ক্রমেই যেন সম্মেলন ঘিরে কোন বিশৃঙ্খলা না হয়, সেদিকে খেয়াল রাখবেন।
সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. আছাদ মাতুব্বর জানান, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশনায় আমাদের সকলের কাঙ্ক্ষিত কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকল মতের ঊর্ধ্বে আমাদের নেত্রী শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আগামীকালকের সম্মেলন সফল করতে হবে। বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে বলবো, আপনারা সবাই সুশৃঙ্খলভাবে এই কর্মী সম্মেলনে যোগ দিয়ে সাফল্যমণ্ডিত করবেন। দীর্ঘ ১৬ বছর পর সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে ঈদের মত আনন্দ বিরাজ করছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২৩:৩২:০৩ ১১৫ বার পঠিত | ● বিএনপি ● সম্মেলন ● সালথা