![]()
ময়মনসিংহ: জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া শেখ শাহরিয়ার বিন মতিনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুলাই) বিকেলে ঈশ্বরগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে শহীদ শাহরিয়ার মতিন ফাউন্ডেশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই শহীদ শাহরিয়ারের স্মৃতি তুলে ধরে কান্নায় ভেঙে পড়েন তাঁর মা মমতাজ বেগম। সভায় সভাপতিত্ব করেন শহীদের বাবা ও ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আব্দুল মতিন।
আলোচনাসভায় বক্তব্য দেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু, সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সদস্য শাহ নূরুল কবীর শাহীন, বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, এলডিপির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আওরঙ্গজেব বেলাল, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আবুল খায়ের মো. বরকত উল্লাহ, ইসলামী আন্দোলনের ঈশ্বরগঞ্জ উপজেলা সভাপতি মুফতি হাবিবুল্লাহ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঈশ্বরগঞ্জ শাখার সমন্বয়ক মোজাম্মেল হকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
শহীদ শাহরিয়ারের ছাত্র জীবনের স্মৃতি তুলে ধরে বক্তব্য দেন ঈশ্বরগঞ্জ আইডিয়াল কলেজের অধ্যক্ষ আলমগীর কবীর।
উল্লেখ্য, ২০২৪ সালের ১০ জুলাই কোটা সংস্কার আন্দোলনে অংশ নিতে ঢাকায় যান শহীদ শাহরিয়ার। ১৮ জুলাই মিরপুর ১০ নম্বর গোলচত্বরে পুলিশের গুলিতে আহত হন তিনি। এরপর ২০ জুলাই লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শাহরিয়ার মারা যান।
শাহরিয়ারের গ্রামের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার কুমড়াশাসন উত্তরপাড়া গ্রামে। তাঁর বাবা আব্দুল মতিনের চাকরির সুবাদে পরিবারটি ঢাকার কুড়িল এলাকায় ভাড়া বাসায় বসবাস করত। ঈশ্বরগঞ্জ আইডিয়াল কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী হিসেবে চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন শহীদ শাহরিয়ার। পাঁচটি পরীক্ষা শেষ করে ঢাকায় গিয়ে তিনি আন্দোলনে যোগ দেন। অনুষ্ঠান শেষে শহীদ শেখ শাহরিয়ার বিন মতিনের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
এন/ আর
বাংলাদেশ সময়: ২২:৫৪:৫৯ ১৭২ বার পঠিত | ● ঈশ্বরগঞ্জ ● জুলাই গণঅভ্যুত্থান ● দোয়া ● শহীদ ● স্মরণ