![]()
ভোলা: লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউপি চেয়ারম্যান আবু ইউসুফের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার কাছে উপস্থিত হয়ে স্বাক্ষী দিয়েছেন ইউপি সদস্যরা। সোমবার বিকেলে উপজেলা কৃষি অফিসে তদন্ত কর্মকর্তা ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আহসান উল্যাহর কাছে তারা স্বাক্ষী দেন।
এ সময় ইউপি সদস্যরা বলেন, চেয়ারম্যান আবু ইউসুফ সুকৌশলে নানা অজুহাতের মাধ্যমে দুই দশকেরও অধিক সময় ধরে ইউনিয়ন পরিষদের নির্বাচন বন্ধ করে রেখেছেন। নিয়মিত পরিষদেও আসেন না তিনি। যার জন্য ইউনিয়নের নাগরিকরা চরম দুর্ভোগের সম্মুখিন হচ্ছেন। এ ছাড়া তিনি নিজের ইচ্ছা মতো পরিষদের কর্মকাণ্ড পরিচালনা করেন, কোনো ইউপি সদস্যকেই কোনো কাজের সঙ্গে সম্পৃক্ত করেন না।
চেয়ারম্যান আবু ইউসুফের এমন কর্মকাণ্ডে ইউনিয়নবাসী বিভিন্ন ধরনের উন্নয়ন থেকেও বঞ্চিত হচ্ছেন। একইসঙ্গে ইউনিয়ন পরিষদের গুরুত্বপূর্ণ কাগজপত্র কাউকে না জানিয়ে নিজের বাসায় নিয়ে রাখেন ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ। এ ধরনের বহু অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যার জন্য আমরা সকল ইউপি সদস্যগণ তাকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছি। সেটির তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে অতিরিক্ত কৃষি কর্মকর্তাকে। সোমবার তিনি ঘটনার সত্যতা জানতে স্বাক্ষী দিতে ডাকলে আমরা সকল ইউপি সদস্যগণ উপস্থিত হই।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ বলেন, পশ্চিম চরউমেদ ইউনিয়নের ইউপি সদস্যরা লিখিতভাবে আমার কাছে একটি অনাস্থা প্রস্তাব দিয়েছেন। বিষয়টি তদন্ত করার জন্য উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। তিনি অনাস্থা প্রস্তাব দেয়া ইউপি সদস্যদের কাছ থেকে ঘটনার সত্যতা জেনে আমাকে একটি প্রতিবেদন জমা দেবেন। সোমবার তদন্ত কর্মকর্তা পশ্চিম চরউমেদ ইউনিয়নের ইউপি সদস্যদের ডেকেছেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ২৩:১৭:৫৬ ১২৫ বার পঠিত | ● চেয়ারম্যান ● তদন্ত কর্মকর্তা ● লালমোহন ● সদস্যরা ● স্বাক্ষী