![]()
খুলনা: স্কুলের বয়স ৪৫ পেরিয়েছে। স্কুলে যাঁরা পড়াশোনা করেছেন, তাঁদের কেউ এখন রাজনীতিবিদ,কেউবা ডাক্তার ও ইঞ্জিনিয়ার । কেউ আবার শিক্ষক। স্কুলের ৪৫তম বর্ষ উপলক্ষে প্রাক্তন এই শিক্ষার্থীদের মিলনমেলা বসে। অনুষ্ঠান উপলক্ষে সাজানো হয় পুরো স্কুল।
এতে অংশ নেন প্রাক্তন ও বর্তমান মিলিয়ে ৬শতাধিক শিক্ষার্থী সহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্ধরা। তাঁদের গল্প-আড্ডায় জমে ওঠে মিলনমেলা।
রঙিন স্বপ্ন নিয়ে তারকার মেলায় চেতনায় দিয়ে যায় দুল, ৪৫তম বর্ষে পা রেখেছে পাইকগাছার সোলাদানা হাইস্কুল’ সূচনা গানের মাধ্যমে শুক্রবার(২৫জুলাই) সকালে স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে নানা আয়োজনের মধ্যে দিয়ে দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
খুলনা জেলার পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নে ঐতিহ্যবাহী সোলাদানা মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৮২ সালে। আর এ বছর প্রতিষ্ঠানটি ৪৫তম বর্ষ পূর্ণ করেছে।এ উপলক্ষ্যে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, সোলাদানা ইউপি’র সাবেক চেয়ারম্যান ও পাইকগাছা উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক এস এম এনামুল হকের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রথম পর্বে সভাপতিত্ব করেন বিপ্লব কান্তি মন্ডল ও দ্বিতীয় পর্বে ইসমাইল মোড়ল। জাঁকজমকপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হক।
বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, স্মৃতিচারণা, খেলাধুলা, র্যাফল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা অনুষ্ঠানে সাজানো হয় পুরো অনুষ্ঠান। স্মৃতিচারণা অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিটি মানুষ তার শৈশব জীবনকে ফিরে পেতে ভালোবাসে। কর্মময় জীবনের সব ব্যস্ততা ভুলে গিয়ে ছাত্রজীবনের সহপাঠীরা একে–অপরের সঙ্গে মিলতে জড়ো হন। সবার উপস্থিতিতে রঙিন হয়ে ওঠে প্রিয় স্কুলের মাঠ। সহপাঠী বন্ধুত্বের এ মিলন অন্য রকম সুখের বার্তা দেয়। সেই সোনালি দিনগুলো স্মরণ করতে তাঁদের এই পুনর্মিলন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক জয়দেব রায়, প্রধান শিক্ষক আমিনুর রহমান, ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিযুষ কান্তি মন্ডল, সাবেক পৌর কাউন্সিলর এস এম তৈয়েবুর রহমান,উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক জিএম মিজানুর রহমান,গদাইপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি এস এম বাবুল আক্তার,বিএনপি নেতা আমিনুর রহমান, প্রাক্তন ছাত্র কিশোর কুমার মন্ডল ও রখি বিশ্বাস প্রমুখ।
অনুষ্ঠানে বিদায়ী সকল শিক্ষককে সম্মাননা স্মারক ও পুরস্কারে ভূষিত করা হয়।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৭:২১:১৫ ৫০ বার পঠিত | ● পাইকগাছা ● মিলন মেলা ● শিক্ষার্থী