![]()
পটুয়াখালী: অবৈধ ট্রলিং ট্রলার বন্ধে এবার নড়েচড়ে বসেছে কোস্টগার্ড ও মৎস্য বিভাগ। পটুয়াখালীর কলাপাড়ায় কোস্ট গার্ড ও মৎস্য বিভাগের যৌথ সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মহিপুরের খাপড়াভাঙ্গা নদী থেকে ৮ জেলে ও ৯ পিস বেহুন্দী অবৈধ জাল সহ দুইটি আর্টিসনাল ট্রলিং বোট আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল সাড়ে পাঁচটায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এর সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে বুধবার রাত ১ টায় কোস্ট গার্ড স্টেশন নিজামপুর ও মৎস্য বিভাগের সমন্বয়ে আলীপুর আমখোলা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত আর্টিসনাল ট্রলিং বোট থেকে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করানো হয়। জব্দকৃত ট্রলিং বোট ও জালসহ আটককৃত জেলেদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়।
এ প্রসঙ্গে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ট্রলিংয়ে নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরায় বোট মালিকদের নোটিশ দিয়েছি। ইতোমধ্যেই তিনটি বোট জব্দ করে মামলা দেওয়া হয়েছে। কিন্তু তাহারা সমুদ্রে মাছ শিকার করার আবেদন জানিয়ে উচ্চ আদালতে একটি রিট করেছেন।
আশা করছি খুব শীঘ্রই রিট আবেদন নিষ্পত্তি হয়ে যাবে। তারপর আমরা পুরোদমে ট্রলিং বন্ধের জন্য অভিযান শুরু করবো।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:৫৯:১১ ১৮১ বার পঠিত | ● আটক ● কলাপাড়া ● ট্রলিং ট্রলার