![]()
ফরিদপুর: বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, চাঁদাবাজ ও দখলবাজদের ঠাঁই বিএনপিতে নাই। কথাগুলো আপনাদের অক্ষরে অক্ষরে মনে রাখতে হবে। আমরা সেই বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে কোনো আয়নাঘর থাকবে না। যে বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠিত হবে। ধর্ম, বর্ণ, গোত্র, জাত নির্বিশেষে সবার অধিকার থাকবে।
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের বিএনপির উদ্যোগে খাড়দিয়া পশ্চিম মিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, আওয়ামী লীগ প্রতিটা গণতান্ত্রিক, সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছিল। তাই আমরাও সংস্কার চাই। বিএনপির হাত ধরেই সেই সংস্কার হবে। দীর্ঘ ১৭ বছর মানুষ কথা বলতে পারেনি। যাকে ইচ্ছে তাকে ভোট দিতে পারে নাই। ভোটের অধিকার আদায়ের জন্য মানুষকে মাঠে নামতে হয়েছে। বন্ধুকের গুলির মুখে বুক পেতে দিতে হয়েছে। রাজপথে রক্ত ঝড়েছে। সংস্কারের প্রথম ধাপ হচ্ছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। যে নির্বাচনের প্রতিক্ষায় ১৮ কোটি মানুষ। জনগণের ভোটে নির্বাচিত হয়েই বিএনপি পূর্ণাঙ্গ সংস্কার করবে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ইঙ্গিত করে শামা ওবায়েদ বলেন, ছোট ছোট কিছু দল হইছে, খুবই ভালো কথা। আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। কিন্তু আমরা দেখতেছি, দুই মাস বয়স হয় নাই এই নতুন দল থেকে একে একে লোকজন পদত্যাগ করছে। আপনাদের বলব, অন্য দলের সমালোচনা না করে আগে নিজের দলটা গোছান। একজন বলেছে, ফেব্রুয়ারি মাসে নাকি নির্বাচন হবে না। আমাদের ছেলে-মেয়েরা কি এই জন্য জীবন দিয়েছে।
যদুনন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান খান হুমায়ুনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ভিপি সামসুদ্দিন মিয়া ঝুনু, সালথা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ছিদ্দিক তালুকদার, সহসভাপতি শাহিন মাতুব্বর, যুগ্ম-সাধারণ সম্পাদক খায়রুল বাসার আজাদ, যুবদল নেতা হাসান আশরাফ, এনায়েত হোসেন প্রমুখ।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৫:১১:০৬ ১৭৭ বার পঠিত | ● শামা ওবায়েদ ● সালথা