ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
প্রচ্ছদ » প্রধান সংবাদ » দয়া করে দেশটাকে বাঁচান, আর বিভাজন সৃষ্টি করবেন না: মির্জা ফখরুল

দয়া করে দেশটাকে বাঁচান, আর বিভাজন সৃষ্টি করবেন না: মির্জা ফখরুল


অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর ২০২৫


দয়া করে দেশটাকে বাঁচান, আর বিভাজন সৃষ্টি করবেন না: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দয়া করে দেশটাকে বাঁচান, আর বিভাজন সৃষ্টি করবেন না। নতুন করে দাবি তুলে, আন্দোলন করে আর নির্বাচন পেছানোর চেষ্টা করবেন না।’

বুধবার দুপুরে সদর উপজেলার গড়েয়া বটতলায় একটি বিদ্যালয়ের মাঠে সুধিসমাজ, সনাতন ধর্মালম্বী ও মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘দেশের মানুষ পিআর পদ্ধতি বোঝে না। পিআর হচ্ছে এমন একটি ব্যবস্থা যেখানে প্রার্থীকে নয়, দলকে ভোট প্রদান করতে হবে। সাধারণ মানুষ যদি তার প্রার্থীর কাছে না যেতে পারে, তার প্রার্থীকে না চিনতে পারে তাহলে তারা যাবে কোথায়? সাধারণ মানুষ পিআর বোঝে না, আমরাও বুঝি না।’

বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে এক লাখ মানুষের চাকরির ব্যবস্থা করবে। স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি করে স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটাবে। সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার ওপর জোর দেওয়া হবে। কারণ, কারিগরি শিক্ষায় শিক্ষিতরা বেকার বসে থাকে না। প্রতিটি পরিবারকে একটি করে কার্ড প্রদান করা হবে। নারীরা সেই কার্ড নিয়ে দেশের সকল সুবিধা ভোগ করবেন। সবাই তাদের গুরুত্ব প্রদান করবেন।’

তিনি আরও বলেন, ‘আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। কিন্তু ১৫ বছর সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এখন সুযোগ সৃষ্টি হয়েছে, ভোট প্রদানের সুযোগও সৃষ্টি করতে হবে। তাহলে আমরা সঠিক প্রতিনিধি পাবো। সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলো যেগুলো বিষয়ে সম্মত হয়েছে তার সনদই আগামী ১৭ তারিখে স্বাক্ষর হবে। আর যেগুলোতে সম্মত হয়নি সেগুলো সংসদে জনগণের মতামতের ভিত্তিতেই পাস করা হবে।’

এ সময় গড়েয়া ইউনিয়ন বিএনপির রেজওয়ানুল ইসলাম রেদোর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ দলটির অন্যান্য নেতাকর্মীরা।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৪০:৩৮   ৬৩২ বার পঠিত  |