ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ২০ অক্টোবর ২০২৫
প্রচ্ছদ » ময়মনসিংহ » শেষ বিদায়ে বাবার অনুপস্থিতি, চিরবিদায় নিল ছোট্ট মৌমিতা

শেষ বিদায়ে বাবার অনুপস্থিতি, চিরবিদায় নিল ছোট্ট মৌমিতা


রাকিবুল ইসলাম,ঈশ্বরগঞ্জ,(ময়মনসিংহ)
প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর ২০২৫


শেষ বিদায়ে বাবার অনুপস্থিতি, চিরবিদায় নিল ছোট্ট মৌমিতা

ময়মনসিংহ:  দীর্ঘদিন কিডনির জটিল রোগে ভুগে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমাল মাইজবাগ ইউনিয়ন যুবলীগের সাবেক সদস্য আফজাল হোসেন হিমেলের একমাত্র কন্যা হুমায়রা আক্তার মৌমিতা। রোববার সকাল ৮টার দিকে রাজধানীর কিউর স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে।

মাত্র কিশোরী বয়সেই কিডনি রোগের ভয়াবহতা বয়ে বেড়াতে হয়েছিল মৌমিতাকে। তার শরীর প্রায়ই ফুলে যেত, যা সাময়িক চিকিৎসায় কিছুটা কমলেও মূল রোগের উন্নতি হয়নি। চিকিৎসকরা জানান, কিডনির জটিল সমস্যায় ভুগছিল সে। মেয়েকে বাঁচাতে বাবা হিমেল সর্বস্ব উজাড় করে দিয়েছেন। মানুষের সাহায্য, ধার-দেনা করে অনেকদিন ধরে চলেছে চিকিৎসা। কিন্তু শেষ রক্ষা হয়নি।

মেয়ের মৃত্যুর পরও চরম এক মানবিক ট্র্যাজেডির মুখোমুখি হতে হয়েছে পরিবারকে। গ্রেপ্তার আতঙ্কে মেয়ের জানাজায়ও উপস্থিত থাকতে পারেননি বাবা আফজাল হোসেন হিমেল।

এই হৃদয়বিদারক পরিস্থিতিতে ফেসবুকে তিনি লেখেন—“বাদ মাগরিব, হারুয়া হারুননগর জামে মসজিদে মৌমিতার জানাজার নামাজ অনুষ্ঠিত হইবে। আমি জানাজায় অংশগ্রহণ করতে পারব না। আমি আপনাদের হাতে ও মহান আল্লাহ তায়ালার হাতে আমার মেয়েকে দিয়ে দিলাম।”

জানাজা অনুষ্ঠিত হয় রোববার বাদ মাগরিব, মাইজবাগ ইউনিয়নের হারুয়া হারুননগর জামে মসজিদে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় ছোট্ট মৌমিতাকে—সেই কবরে, যেখানে শুয়ে আছে তার শৈশব, স্বপ্ন আর অপূর্ণ জীবন।

কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের হিমেল বলেন, “মেয়েটাকে বাঁচাতে যা পারি করেছি। ডাক্তারদের কথায় চিকিৎসা চালিয়ে গেছি। সর্বস্ব দিয়ে চেষ্টা করেছি, কিন্তু শেষবারের মতো তার মুখটাও দেখতে পারলাম না। জানাজায়ও থাকতে পারিনি। এই কষ্ট আমাকে সারাজীবন পোড়াবে।”

এই করুণ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশীরা জানান, মৌমিতা ছিল মেধাবী ও ভদ্র স্বভাবের। তার মৃত্যু এবং বাবার এমন অসহায় অবস্থা সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে।এ যেন শুধুই একটি শিশুর মৃত্যু নয়, একজন পিতার ভেঙে পড়া হৃদয়ের আর্তনাদ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৪৭:১২   ১০৫ বার পঠিত  |