![]()
নারায়ণগঞ্জ: আড়াইহাজারে বিদ্যুৎ স্পর্শে সজল রহমান (৩৫) নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। ঢাকা -সিলেট মহাসড়কের পাশে পাঁচরুখী এলাকায় মহাসড়কের অধিগ্রহণকৃত জায়গায় তড়িগড়ি করে মার্কেট নির্মাণ কাজ করার বিদ্যুৎ স্পর্শে তার মৃত্যু হয়। আহত আরও তিনজন শ্রমিক। রোববার রাতে পাচরুখী হাজী আব্দুল মালেক প্রধান মর্ডান হাসপাতাল ও এমপি টাওয়ারের সামনে এই ঘটনা ঘটে।
নিহত সজল পাবনা জেলার সাঁথিয়া থানার আশাইখোলা এলাকার আব্দুল বাতেন মিয়ার ছেলে। তিনি পাঁচরুখী এলাকা বাসা ভাড়ায় থেকে রাজমিস্ত্রির কাজ করতেন।
স্থানীয়রা জানায়, পাঁচরুখী এলাকার জসিম উদ্দিন নারায়ণগঞ্জ সড়ক ও জনপথের অধিগ্রহণকৃত ১০ ফুট জায়গা দখল করে রাতের আধারে তড়িগড়ি করে মার্কেট নির্মাণের কাজ করতে থাকেন। গত চার দিন আগে পিলার স্থাপন করার জন্য মাটি খনন করায় পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটি পাশ্ববর্তী প্রাইভেট হাসপাতালে পড়ে ব্যাপক ক্ষতি হয়। এসময় বিদ্যুতের তার মাটিতে পড়ে থাকে। রোববার রাতে কাজ করার সময় মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে কর্মরত রাজমিস্ত্রী সজল বিদ্যুৎস্পর্শে আহত হয়। তাকে নিকটস্থ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে হাসপাতালের কর্মকর্তা ( এমডি) শান্ত রহমান বলেন, যে সময় রাজমিস্ত্রি সজলকে হাসপাতালে নেওয়া হয়েছে তখন সে আর বেঁচে নেই। তবে মার্কেট মালিক জসীমউদ্দীন মিয়া নিহত সজলকে উন্নত চিকিৎসা দেওয়ার কথা বলে এ্যম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে অপর একটি এ্যম্বুলেন্সে দিয়ে তড়ি ঘড়ি করে নিহতের লাশ তার দেশের বাড়ী পাবনায় পাঠিয়ে দেয় ।
এ বিষয় জানতে চাইলে মার্কেট মালিক জসিম উদ্দিনের ছেলে মানিক মিয়া বলেন, ঘটনাস্থলে আমরা উপস্থিত থাকলেও সজলকে বাঁচাতে পারিনি।
এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, ঘটনাটি শোনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ গিয়ে নিহতের লাশ ঘটনাস্থলে পায়নি। তার আগেই চিকিৎসার কথা বলে লাশ সরিয়ে ফেলা হয়েছে। তবে আইনগত ব্যবস্থা প্রক্রিয়ধীন রয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২২:৫৫:২৪ ৭৭ বার পঠিত | ● আড়াইহাজার ● বিদ্যুৎস্পর্শ ● মৃত্যু ● রাজমিস্ত্রী