ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » তারেক রহমান বললেন রাজনীতির কেন্দ্র হতে হবে সাধারণ মানুষের সুবিধা

তারেক রহমান বললেন রাজনীতির কেন্দ্র হতে হবে সাধারণ মানুষের সুবিধা


অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬


 রাজনীতির কেন্দ্র হতে হবে সাধারণ মানুষের সুবিধা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছে বাম দলগুলোর জোট গণতান্ত্রিক যুক্তফ্রন্টসহ বিভিন্ন রাজনৈতিক দল। গতকাল সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ধারাবাহিক এ বৈঠক হয়। বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা ও অর্থনৈতিক অবস্থা, আসন্ন সংসদ, উগ্রবাদের উত্থান, আসন্ন জাতীয় নির্বাচন প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

বৈঠকে তারেক রহমান এসব দলের নেতাদের বলেন, ‘এখানে বিশ্বাসী থাকবে, অবিশ্বাসী থাকবে, সংশয়বাদী থাকবে, বিভিন্ন মতাদর্শীও থাকবে। তবে দেশ গঠনে সবাইকে নিয়েই চলতে হবে। একটি উদার গণতান্ত্রিক কল্যাণমূলক রাষ্ট্র বিনির্মাণের পরিকল্পনাকে বাস্তবে রূপদান করতে হলে ঐক্য অবশ্যই দরকার। আমরা সেভাবেই কাজ করতে চাই। অতীত থেকে আমরা শিক্ষা নিতে চাই। জনগণ আমাদের রাজনীতির কেন্দ্রবিন্দু। মানুষের যাতে সুবিধা হয়, সুযোগ-সুবিধাগুলো উপভোগ করতে পারে, সেটা শুধু পরিকল্পনা না, বাস্তবায়নের দিকেও আমরা যেতে চাই।’

গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে ছিলেন সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম, সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ক্কাফী রতন, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, স্থায়ী কমিটির সদস্য মোস্তাক হোসেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ প্রমুখ। এ ছাড়া বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত ২৯ নভেম্বর বাংলাদেশ জাসদকে নিয়ে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট গঠন করে ৯টি বাম প্রগতিশীল রাজনৈতিক দল।‘মুক্তিযুদ্ধ বাদ দিলে বাংলাদেশের অস্তিত্ব থাকে না’

বৈঠকের পরে বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, প্রধানত বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর পরিবারকে সমবেদনা জানাতে এসেছিলাম। এর বাইরে বাংলাদেশের রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এখানে এই যে মৌলবাদ, সাম্প্রদায়িক শক্তি; তাদের যে আস্ফালন– এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।বজলুর রশীদ বলেন, তারেক রহমান একটা জিনিস বলেছেন– ‘আমি তো ২৫ ডিসেম্বর দেশে ফেরার পরেই যেটা বলছি, একাত্তরের মুক্তিযুদ্ধ হলো আমাদের ভিত্তি। মুক্তিযুদ্ধকে বাদ দিলে বাংলাদেশের অস্তিত্ব থাকে না, ৯০-এর গণঅভ্যুত্থান এবং ২৪-এর গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেগুলোকে ধরেই আমাদের অগ্রসর হতে হবে।’

‘সমালোচনা অবশ্যই থাকবে’বজলুর রশীদ বলেন, বৈঠকে আমরা বলেছি, এটা শোকের পরিবেশ, কিন্তু সরকারে যদি আপনারা যান, আমরাই হয়তো দেখবেন আপনাদের বেশি সমালোচনা করব। তারেক রহমান বলেছেন, ‘হ্যাঁ, অবশ্যই। সমালোচনা তো থাকবেই। সমালোচনা না করলে তাহলে আর গণতন্ত্র হলো কেমনে?’

বৈঠকের আগে প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা। পরে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ফ্যাসিস্ট সরকারবিরোধী যুগপৎ আন্দোলনে জোটসঙ্গী পাঁচটি রাজনৈতিক দলের নেতারা। বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। জোটসঙ্গীর দলগুলো হলো নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, লেবার পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম ও এবি পার্টি।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি জুনায়েদ আল হাবীব নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এর আগে শোক বইয়ে স্বাক্ষর করেন তারা।

বাংলাদেশ সময়: ২২:১৩:৩৭   ১০৭ বার পঠিত  |