ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ১ মার্চ ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে মাছের দাম উর্ধ্বমুখী,দিশেহারা ক্রেতারা

কাউখালীতে মাছের দাম উর্ধ্বমুখী,দিশেহারা ক্রেতারা


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১ মার্চ ২০২৬


 কাউখালীতে মাছের দাম উর্ধ্বমুখী,দিশেহারা ক্রেতারা

পিরোজপুর: কাউখালীতে মাছ মাংসের দাম উর্ধ্বমুখী ফলে নিম্ন আয়ের মানুষের ভোগান্তির শেষ নেই। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) উপজেলার দক্ষিণ বাজারে হাটের দিনে মাছের ও মাংসের বাজারে ঘুরে দেখা গেছে, প্রতি কেজি তেলাপিয়া ১৫০ থেকে ২০০ টাকা, রুই মাছ ৩২০ টাকা থেকে ৩৫০ টাকা, কাতল মাছ ২৮০ টাকা, পাবদা ৩২০ টাকা থেকে ৩৫০ টাকা, কোরাল মাছ ৭৫০ টাকা থেকে ৮৫০ টাকা, দেশি টেংরা ৬০০ টাকা থেকে ৭০০ টাকা, পোমা ৩৫০ টাকা, চিংড়ি মাছ প্রকারভেদে ৭০০ টাকা থেকে ১২০০ টাকা, ইলিশ মাছ ৬০০ থেকে ২২০০ টাকা ধরে বিক্রি হচ্ছে।

এদিকে মাংস বাজারে ঘুরে দেখা গেছে, প্রতি কেজি সোনালি মুরগি ২৮০ টাকা, কক ৩০০ টাকা, বয়লার ১৮০ টাকা ও প্রতি কেজি গরুর মাংস ৮০০ টাকা ধরে বিক্রি হচ্ছে। রমজান মাসকে পুঁজি করে একশ্রেণীর অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন অজুহাত দেখিয়ে মাছ-মাংসের দাম বাড়িয়ে বিক্রি করছে। ফলে বাজার করতে আসা অনেক ক্রেতারাই মাছ না কিনে খালি ব্যাগ নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে।

এক্ষেত্রে মধ্য ও নিম্ন আয়ের মানুষেরা মাছ-মাংস খাওয়া একপ্রকার ছেড়ে দিয়েছে বলে মাছ কিনতে আসা ক্রেতা আবুল বাশার জানান। দিনমজুর কাদের বলেন মাংস খাওয়া আমরা ভুলে গেছি। মাংস বর্তমানে বড়লোকের খাবার। মাছ ব্যবসায়ী সাইদুর জানান, মাছের চাহিদার চেয়ে সরবরাহ কম। স্থানীয় পর্যায়ে মাছ কম থাকায় আমরা বাহিরের মাছের উপর নির্ভরশীল, তাই দাম একটু বেশি। ক্রেতাদের অভিযোগ বাজার মনিটরিং ব্যবস্থা দুর্বল থাকার কারণে ব্যবসায়ীরা তাদের ইচ্ছা মত দাম বাড়িয়ে বিক্রি করছে।
এ ব্যাপারে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান জানান, বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে। যদি কোন অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যর দাম বাড়িয়ে বিক্রি করে তাহলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪১:০৮   ৪০ বার পঠিত  |