ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় প্রশাসনের হস্তক্ষেপে বেআইনি মহিষের লড়াই বন্ধ

কলাপাড়ায় প্রশাসনের হস্তক্ষেপে বেআইনি মহিষের লড়াই বন্ধ


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬


পটুয়াখালী: কলাপাড়া উপজেলায় প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ করা হয়েছে বেআইনি মহিষের লড়াই। সোমবার, ৩০ মার্চ দুপুরে উপজেলার গামুরবুনিয়া ৪ নম্বর ওয়ার্ডে এ লড়াই আয়োজনের প্রস্তুতি চলছিল।
জানা যায়, বরগুনা জেলার আমতলী ও পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের মধ্যে দুটি মহিষের লড়াই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গোপন সূত্রে খবর পেয়ে রোববার রাত থেকেই প্রশাসন বিষয়টি বন্ধে তৎপরতা শুরু করে।
সোমবার সকাল ৭ টার দিকে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, স্থানীয় বন বিভাগের প্রতিনিধি এবং ‘অ্যানিমেল লাভার্স পটুয়াখালী’ এর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। এসময় তারা এলাকাবাসীকে প্রাণিকল্যাণ আইন সম্পর্কে সচেতন করেন এবং তাদের উদ্যোগে নির্ধারিত লড়াইটি বন্ধ করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, প্রাণিকল্যাণ আইন, ২০১৯ অনুযায়ী কোনো প্রাণীকে লড়াইয়ের উদ্দেশে প্ররোচিত করা সম্পূর্ণ নিষিদ্ধ।

আইনের ৪ ও ৬(১)(ছ) ধারায় এ ধরনের কর্মকাণ্ড অপরাধ হিসেবে গণ্য। একই আইনের ১৬(ক) ধারায় দোষী ব্যক্তির জন্য অনধিক ছয় মাসের কারাদণ্ড বা সর্বোচ্চ ১০ হাজার টাকা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াসিন সাদেক বলেন, এর আগেও এ ধরনের মহিষের লড়াই বন্ধ করা হয়েছে। আমরা জনসচেতনতা বাড়াতে কাজ করছি, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৫০:২৭   ৭৪ বার পঠিত  |