
নারায়ণগঞ্জ: আড়াইহাজারে এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে তিনটি গ্রামে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস ও আড়াইহাজার উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ অভিযানে ৭০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় একটি ডাইং কারখানার প্রতিনিধিকে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান ইমনের নেতৃত্বে তিতাস গ্যাস কর্তৃপক্ষের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর একটা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার দুপ্তারা ইউনিয়নের আদর্শবাজার (কালিবাড়ি), ব্রাহ্মন্দী ইউনিয়নের বড় বিনাইরচর ও ছোট বিনাইরচর এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান ইমনের নেতৃত্বে তিতাস ও উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে। অভিযানে প্রায় ৬০টি বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এতে ৭০টি আবাসিক চুলার গ্যাস লাইন কেটে দেওয়া হয়। এছাড়া অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার দায়ে মেসার্স ঐশী ডাইং কারখানার প্রতিনিধি মো. সোহানকে এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাঁকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অতিরিক্ত ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অভিযান চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এ ব্যাপারে তিতাস গ্যাসের আড়াইহাজার ও রূপগঞ্জ অঞ্চলের উপমহা ব্যবস্থাপক প্রকৌশলী মো. জাহাংগীর আলম জানান, অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে এ অভিযান নিয়মিত চলবে। এ ধরনের অভিযান গ্যাসের অপচয় রোধ ও বৈধ গ্রাহকদের কাছে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সাহায্য করবে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:৫১:১৫ ৩৮ বার পঠিত | ● গ্যাস-সংযোগ ● বিচ্ছিন্ন ● লাখ জরিমানা