![]()
গাজীপুর: কালীগঞ্জে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ব্র্যাকের সোশ্যাল কমপ্লিয়েন্স কর্মসূচির আওতায় পরিচালিত ‘শিখা’ প্রকল্পের উপজেলা পর্যায়ের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, কার্যকর প্রতিকার ব্যবস্থা গড়ে তোলা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর-ই-জান্নাত-এর সভাপতিত্বে সভায় শিক্ষা প্রতিষ্ঠানে শিশু সুরক্ষা নিশ্চিতকরণ, যৌন হয়রানি প্রতিরোধ, বাল্যবিবাহ নির্মূল, বুলিং ও র্যাগিং প্রতিরোধ এবং জেন্ডারভিত্তিক সহিংসতা মোকাবিলায় সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের বিষয়ে বিস্তর আলোচনা ও তথ্য উপস্থাপন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা একাডেমিক সুপারভাইজার জিনাত রেহানা শারমিন, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদা বেগম, উপজেলা মহিলা বিষয়ক অফিসের প্রশিক্ষক রাবেয়া খাতুন, খৈকড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল কান্ত বীর, সাওরাইদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার শামীম আহমেদ, মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার দাস, চুপাইর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার দেবনাথ, সহকারী শিক্ষক বালীগŧাও উচ্চ বিদ্যালয় মু. আবু বকর সিদ্দিক নয়ন ও আব্দুল গাফফার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, যৌন হয়রানি ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সকল সেক্টরের সমন্বিত উদ্যোগ নিতে হবে। সকলকে এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ নিজ নিজ প্রতিষ্ঠানে নিরাপদ ও সহিংসতামুক্ত পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার মো. হাবিবুর রহমান-এর তত্ত্বাবধানে সভাটি সঞ্চালনা করেন প্রজেক্ট অফিসার আরিফ রাব্বানী।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:৩২:৪৪ ৬৩ বার পঠিত | ● ওরিয়েন্টেশন ● কালীগঞ্জ ● সভা