ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ২২ এপ্রিল ২০২৬
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় সরকারি চিকিৎসকের প্রাইভেট চেম্বারে রোগী দেখার অভিযোগ

কলমাকান্দায় সরকারি চিকিৎসকের প্রাইভেট চেম্বারে রোগী দেখার অভিযোগ


জেলা প্রতিনিধি ( নেত্রকোনা )
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল ২০২৬


 কলমাকান্দায় সরকারি চিকিৎসকের প্রাইভেট চেম্বারে রোগী দেখার অভিযোগ

নেত্রকোনা: কলমাকান্দায় সরকারি দায়িত্ব পালনকালেই বেসরকারি চেম্বারে রোগী দেখার অভিযোগ উঠেছে নেত্রকোনা সরকারি কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. জয় প্রকাশ বিশ্বাসের বিরুদ্ধে। অভিযোগের সত্যতা স্বীকার করেছেন সংশ্লিষ্ট বেসরকারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, বুধবার (২২ এপ্রিল) সকাল আনুমানিক ১১টার দিকে তিনি কলমাকান্দা ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখেন। তাদের দাবি, প্রতি রবিবার ও বুধবার নিয়মিতভাবে তিনি বেসরকারি পর্যায়ে চিকিৎসা সেবা দিয়ে থাকেন।
আশপাশের লোকজন জানান, এক পর্যায়ে গণমাধ্যমের উপস্থিতি টের পেয়ে তিনি দ্রুত স্থান ত্যাগ করেন।

এ বিষয়ে কলমাকান্দা ডায়াগনস্টিক সেন্টার ও বিশ্বাস মেডিকেল হলের স্বত্বাধিকারী মো. বাবুল বিশ্বাস অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, নির্দিষ্ট দিনগুলোতে ওই চিকিৎসক এখানে রোগী দেখেন।

অভিযুক্ত চিকিৎসক ডা. জয় প্রকাশ বিশ্বাসের মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

কলমাকান্দা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ওবাইদুল হক পাঠান জানান, তিনি চিকিৎসকের সঙ্গে ফোনে কথা বলেছেন। তার দাবি অনুযায়ী, ডা. জয় প্রকাশ বিশ্বাস বুধবার সকাল থেকে ডায়াগনস্টিক সেন্টারে উপস্থিত ছিলেন বলে স্বীকার করেন। পরে “আজকের পর থেকে আর আসবো না”-এ কথা বলে ফোন কেটে দেন চিকিৎসক। তিনি আরও জানান, পরে তিনি ঘটনাস্থলে গেলে চিকিৎসককে পাওয়া যায়নি।

এ বিষয়ে নেত্রকোনার সিভিল সার্জন ডা. মো. গোলাম মাওলা বলেন, “এখন সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। তিনি আমার অধীনস্থ নন। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধ্যক্ষকে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলবো।”

এদিকে নেত্রকোনা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান সমন্বয়কারী উত্তম কুমার ঘোষ জানান, ডা. জয় প্রকাশ বিশ্বাস ছুটিতে নেই এবং তিনি বুধবার সকালে কলেজে ক্লাস নিয়েছেন। নির্ধারিত ডিউটির সময় শেষ না করে বাইরে যাওয়ার সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেন।

অন্যদিকে নেত্রকোনা সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সাইফুল হাসান নোমান বলেন, “আজ বুধবার সকাল সাড়ে দশটার দিকে তাকে কলেজেই দেখেছি। মৌখিকভাবে কিছু অভিযোগ ও তথ্য উপাত্ত পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

হাসপাতালের কর্তৃপক্ষ ও প্রশাসনের একাধিক বক্তব্যে বিষয়টি নিয়ে আরও স্পষ্ট তদন্তের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

স্থানীয় সচেতন মহল বলছেন, সরকারি চিকিৎসকের দায়িত্বকালীন সময়ে বেসরকারি চেম্বারে রোগী দেখা নীতিমালার পরিপন্থি হতে পারে। তাই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন জরুরি।

তাদের মতে, একদিকে সরকারি দায়িত্ব পালনে স্বচ্ছতা নিশ্চিত করা যেমন গুরুত্বপূর্ণ, অন্যদিকে সাধারণ রোগীরা যেন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হন-সেই দিকটিও সমান গুরুত্ব পাওয়া উচিত।
এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে-এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৩১:৫৭   ১১৬ বার পঠিত  |