ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ২০ মে ২০২৬
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন

ভেড়ামারায় ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ মে ২০২৬


 ভেড়ামারায় ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন

কুষ্টিয়া: ”অগ্নি যোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার ভেড়ামারায় অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ মে (বুধবার) সকালে ভেড়ামারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফায়ার সার্ভিস সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ আমিরুল আরাফত। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ফায়ার সার্ভিসের সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জানমাল রক্ষা করেন। দুর্যোগ ও দুর্ঘটনায় তাদের ভূমিকা প্রশংসনীয়। সর্বস্তরের মানুষকে অগ্নি নির্বাপণ ও দুর্যোগ মোকাবেলায় আরও সচেতন হতে হবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মুহাম্মদ জাহেদুর রহমান। তিনি ফায়ার সার্ভিসের কর্মীদের সাহসিকতার প্রশংসা করেন এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে পুলিশ ও ফায়ার সার্ভিসের পারস্পরিক সমন্বয়ের ওপর জোর দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেড়ামারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মোঃ সফিকুল ইসলাম। তিনি স্টেশনের সার্বিক কার্যক্রম, জনবল ও প্রস্তুতি তুলে ধরে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং ফায়ার সার্ভিসের এই সচেতনতামূলক কার্যক্রমে সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেন।

আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিসের একটি চৌকস দল অগ্নি নির্বাপণ, ভূমিকম্প ও বিভিন্ন দুর্যোগে উদ্ধার অভিযানের বাস্তব মহড়া প্রদর্শন করে। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং সুধীসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সফলভাবে পরিচালনা করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, ভেড়ামারা, কুষ্টিয়া।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০২:৩৩   ৪ বার পঠিত  |