![]()
পিরোজপুর: কাউখালীতে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার আয়োজনে শিক্ষার্থীদের নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে) বিকাল সাড়ে চারটায় মহিলা পরিষদের নিজস্ব কার্যালয়ে এ পাঠচক্রের আয়োজন করা হয়।
পাঠচক্রের বিষয় ছিল “বাংলার নারী আন্দোলন ও বাংলাদেশ মহিলা পরিষদ”। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা নারী আন্দোলনের ইতিহাস, নারীর অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ মহিলা পরিষদের ভূমিকা এবং বর্তমান সমাজে নারী সচেতনতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দার। এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক সাহিদা হক, নারী নেত্রী ও কাউখালী মহিলা কলেজের জ্যেষ্ঠ প্রভাষক কুমকুম ভট্টাচার্য, সংগঠনের সহ-সভাপতি জাহানারা হাবিব, শিক্ষক পদ্মরানী দত্ত, নারী নেত্রী সবিতা ঘোষ, শিউলি কর্মকার, ছায়া সমাদ্দার, ফরিদা আক্তার, সঙ্গীতা সমাদ্দার, শিক্ষার্থী ফাতিহা আনুসা, আফরিন, রুপাসহ অন্যান্য শিক্ষার্থীরা।
সভাপতির বক্তব্যে সুনন্দা সমাদ্দার বলেন, বর্তমান প্রজন্মকে নারী আন্দোলনের ইতিহাস ও নারীর অধিকার সম্পর্কে জানতে হবে। শিক্ষার্থীদের সচেতন ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে পাঠচক্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বলেন, সমাজে বৈষম্য ও সহিংসতা প্রতিরোধে তরুণদের এগিয়ে আসতে হবে এবং নারী-পুরুষ সমতার চেতনা ধারণ করতে হবে।
সংগঠনের সাধারণ সম্পাদক সাহিদা হক বলেন, পাঠচক্র শিক্ষার্থীদের চিন্তা-চেতনার বিকাশ ঘটায় এবং সামাজিক বিষয়ে সচেতন হতে সহায়তা করে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত বই পড়া, সমাজের ইতিবাচক কাজে অংশগ্রহণ এবং নারীর অধিকার প্রতিষ্ঠায় সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান।
পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা নারী শিক্ষার প্রসার, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মানবিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:৪৪:৩৩ ৯ বার পঠিত | ● কাউখালী ● নিয়ে পাঠচক্র ● শিক্ষার্থী