![]()
পটুয়াখালী: দুমকি উপজেলার পাংগাশিয়ায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য শামীমুজ্জামান ফিরোজ গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার,২৯ মে দুপুরে পাংগাশিয়া ব্রিজের ঢালে এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে তিনি পটুয়াখালী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সরকারের অতিরিক্ত সচিব শামীমুজ্জামান ফিরোজ আজ দুমকি উপজেলার পাংগাশিয়া এলাকায় ব্যক্তিগত ভ্রমণে আসেন। ভ্রমণের একপর্যায়ে তিনি একটি ব্যাটারিচালিত অটোরিকশায় চড়ে যাতায়াত করছিলেন। অটোরিকশাটি পাংগাশিয়া ব্রিজের ঢাল দিয়ে নামার সময় হঠাৎ ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে গাড়িটি উল্টে গিয়ে তিনি অত্যন্ত মারাত্মক দুর্ঘটনার শিকার হন।
দুর্ঘটনার পর পরই স্থানীয় লোকজন ও প্রশাসনের সহযোগিতায় তাকে দ্রুত উদ্ধার করা হয়। অতিরিক্ত সচিব শামীমুজ্জামান ফিরোজ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়েছেন। তাকে তাৎক্ষণিকভাবে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।
চিকিৎসকদের পক্ষ থেকে তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। দুমকি উপজেলা ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে তার খোঁজখবর নিতে উপস্থিত হয়েছেন। প্রয়োজনে তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় স্থানান্তরের প্রস্তুতিও রাখা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২৩:২৮:৪৭ ৪ বার পঠিত | ● অতিরিক্ত ● আহত ● দুমকি ● সচিব
----