![]()
পটুয়াখালী: কুয়াকাটার গভীর সমুদ্রে কালবৈশাখীর ঝড়ে একটি ক্ষুদ্র মাছ ধরার নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে চার জেলে প্রাণে বাঁচলেও তাদের প্রায় দুই লাখ টাকার জাল, মাছ ধরার সরঞ্জাম ও নৌকা হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। এক ঘণ্টারও বেশি সময় গভীর সমুদ্রে ভেসে থাকার পর অন্য জেলেদের সহযোগিতায় তারা জীবিত উদ্ধার হন।
শুক্রবার,২৯ মে সকাল আনুমানিক ১০টার দিকে কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বেল্লাল মাঝির নেতৃত্বে জাফর শিকদার, আনোয়ার ও বেলাল নামের চার জেলে মাছ শিকারের উদ্দেশ্যে গভীর সমুদ্রে যান। বিকেল আনুমানিক ৪টার দিকে চর বিজয়ের অনেক গভীরে অবস্থানকালে হঠাৎ কালবৈশাখীর ঝড় শুরু হয়। মুহূর্তেই উত্তাল হয়ে ওঠে সমুদ্র। প্রবল বাতাস ও বড় বড় ঢেউয়ের আঘাতে তাদের ছোট নৌকাটি ডুবে যায়।
নৌকাডুবির পর চার জেলে দীর্ঘ সময় সাগরে ভাসতে থাকেন। এ সময় দুই জেলে ডুবে যাওয়া নৌকার অংশ আঁকড়ে ধরে ছিলেন, অপর দুইজন লাইফ ককসেটের সহায়তায় টিকে থাকার চেষ্টা করেন। পরে পাশ দিয়ে যাওয়া অপর একটি মাছ ধরার নৌকার জেলেরা তাদের ভাসতে দেখে উদ্ধার করে তীরে নিয়ে আসেন।
শুক্রবার সরেজমিনে জেলে পল্লীতে গিয়ে দেখা যায়, পুরো এলাকায় শোক ও আতঙ্কের ছাপ বিরাজ করছে। স্বজনদের ফিরে পেয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। প্রতিবেশীরাও ছুটে আসেন তাদের খোঁজ নিতে। পরিবারগুলোর মধ্যে স্বস্তি ফিরলেও জীবিকার একমাত্র সম্বল হারিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তাদের।
জেলে জাফর শিকদার বলেন, জীবন নিয়ে ফিরে আসতে পেরেছি, এজন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া। নৌকাটি ডুবে যাওয়ার পর মনে হয়েছিল আর হয়তো পরিবারের কাছে ফিরতে পারবো না। চারদিকে শুধু বড় বড় ঢেউ আর ঝড়ের তাণ্ডব ছিল।
বেল্লাল মাঝি বলেন, আমরা জাল তুলছিলাম। হঠাৎ করেই কালবৈশাখীর ঝড় শুরু হয়। বিশাল ঢেউ এসে নৌকার ওপর আছড়ে পড়ে। অনেকক্ষণ ঢেউয়ের সঙ্গে লড়াই করেছি, কিন্তু শেষ পর্যন্ত নৌকাটি ডুবে যায়। এক ঘণ্টার বেশি সময় আমরা গভীর সমুদ্রে ভেসে ছিলাম। পরে বশির মাঝির নৌকা আমাদের দেখতে পেয়ে উদ্ধার করে। তবে আমাদের প্রায় দুই লাখ টাকার সবকিছু শেষ হয়ে গেছে। এখন কীভাবে আবার ঘুরে দাঁড়াবো, সেটাই ভাবছি।
উদ্ধারকারী জেলে বশির মোল্লা বলেন, সমুদ্র উত্তাল হয়ে উঠায় আমরা তীরে ফিরছিলাম। তখন দূরে কয়েকজনকে ভাসতে দেখি। পরে কাছে গিয়ে অনেক কষ্টে তাদের উদ্ধার করি। একজন জেলের সবকিছু হারালে আবার ঘুরে দাঁড়ানো কতটা কঠিন, সেটা শুধু জেলেরাই বোঝে।
স্থানীয় জেলেরা জানান, মৌসুমের এই সময়ে হঠাৎ কালবৈশাখীর ঝড়ের কারণে প্রায়ই জেলেরা ঝুঁকির মধ্যে পড়ছেন। তারা ক্ষতিগ্রস্ত জেলেদের সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৭:২০:৪৪ ১৩ বার পঠিত | ● কুয়াকাটা ● গভীর ● নৌকাডুবি ● সমুদ্রে
----