ঢাকা    সোমবার, ১ জুন ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ১ জুন ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় পর্যটক নিহত, আহত ৩

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় পর্যটক নিহত, আহত ৩


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: সোমবার, ১ জুন ২০২৬


 কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় পর্যটক নিহত, আহত ৩

পটুয়াখালী: জেলার পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ভ্রমণে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় জিসান (১৭) নামে এক পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ পর্যটক আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কুয়াকাটার মেরিন ড্রাইভ সড়কের মাঝিবাড়ি সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত জিসান শরীয়তপুর জেলার পালং থানার আমির হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জিসান, রাব্বি ও আবির নামে তিন বন্ধু শরীয়তপুর থেকে কুয়াকাটায় বেড়াতে আসেন। সকালে তারা মোটরসাইকেলে করে মেরিন ড্রাইভ সড়ক হয়ে লেম্বুরবনের উদ্দেশে রওয়ানা দেন।
পথিমধ্যে মাঝিবাড়ি এলাকায় পৌঁছালে রাস্তা পারাপারের চেষ্টা করা মিম (১৮) নামে এক পর্যটককে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় মোটরসাইকেলটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খেলে চারজনই গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন। আহত অপর তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
মহিপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) অনিমেষ হাওলাদার বাসস’কে জানান, নিহত জিসানের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫৬:৩৬   ২১ বার পঠিত  |            

----