![]()
ফরিদপুর: মধুখালীতে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে শুক্রবার (১২ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা মাল্টিপারপাস হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রদর্শনীতে উপজেলার ২০টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রতিটি স্টলে অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠান তাদের নিজস্ব উদ্ভাবনী চিন্তা, আধুনিক বিজ্ঞানভিত্তিক প্রকল্প এবং প্রযুক্তিনির্ভর ধারণা উপস্থাপন করে। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও প্রযুক্তিগত দক্ষতার নানা দিক দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওশনা জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. ইলিয়াস মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহাবুদ্দিন আহমেদ সতেজ, মাওলানা মো. আলিমুজ্জামান, পবিত্র কুমার দাস, দিরেন্দ্রনাথ বিশ্বাস এবং রাশেদুল ইসলাম।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক শরিফা তামান্না ও সহকারী শিক্ষক মনিরুল ইসলাম। এ সময় অতিথিরা প্রদর্শনীতে অংশ নেওয়া প্রতিটি স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী কার্যক্রমের প্রশংসা করেন। প্রদর্শনীতে সেরা প্রকল্পের স্বীকৃতি হিসেবে মধুখালী সরকারি আইনুদ্দীন কলেজ প্রথম স্থান অর্জন করে। দ্বিতীয় স্থান লাভ করে দিঘলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তৃতীয় স্থান অর্জন করে কোরকদী রাসবিহারী উচ্চ বিদ্যালয়।অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিরা। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী চিন্তায় উদ্বুদ্ধ করতেই এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:২১:২৬ ৯ বার পঠিত | ● উদ্ভাবনী ● ধারণা ● প্রদর্শনী ● মধুখালী
----