![]()
ফরিদপুর: সালথা উপজেলার আটঘর ইউনিয়নে চলমান খাল পুনঃখনন প্রকল্পের কাজ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম।
সোমবার (২২ জুন) দুপুরে তিনি আটঘর ইউনিয়নের সোনাডাঙ্গা বিল থেকে সেনহাটি পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ খাল পুনঃখনন কাজ সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি প্রকল্প এলাকার বিভিন্ন অংশ ঘুরে দেখে কাজের অগ্রগতি ও গুণগত মান মূল্যায়ন করেন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক প্রকল্পের কাজের মানের প্রশংসা করেন এবং খননকৃত মাটি খালের দুই পাড়ে সঠিকভাবে সংরক্ষণের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় জেলা প্রশাসক বলেন, সরকারের অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন কর্মসূচিগুলোর মধ্যে খাল পুনঃখনন একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর মাধ্যমে সেচব্যবস্থার উন্নয়ন, পানি নিষ্কাশনের সুবিধা বৃদ্ধি এবং কৃষি উৎপাদন সম্প্রসারণ সম্ভব হবে। একই সঙ্গে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হওয়ার পাশাপাশি দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
জেলা প্রশাসক আরও বলেন, জেলা ও উপজেলা প্রশাসন নিয়মিতভাবে প্রকল্পটির অগ্রগতি পর্যবেক্ষণ করছে। সরেজমিনে কাজের মান সন্তোষজনক পাওয়া গেছে। তবে খালের পাড়ে রাখা মাটি এখনও কাঁচা অবস্থায় থাকায় ভারী বর্ষণে তা ধসে খালে পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, দেশের বিভিন্ন এলাকায় এ ধরনের খাল পুনঃখনন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং গ্রামীণ অর্থনীতির ভিত আরও মজবুত হবে। উন্নয়ন কর্মকা-ের ধারাবাহিকতা বজায় রাখতে প্রশাসনের তদারকি ও পরিদর্শন অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে প্রকল্পের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য নেন এবং নির্ধারিত সময় ও পরিকল্পনা অনুযায়ী কাজ সম্পন্ন করার নির্দেশ দেন।
স্থানীয় বাসিন্দা হাসান আশরাফ জানান, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে নাব্যতা হারিয়ে ফেলায় এলাকায় পানি নিষ্কাশনে চরম সমস্যা সৃষ্টি হয়েছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে কৃষিকাজ ব্যাহত হতো। গত এপ্রিল মাসে পুনঃখনন কাজ শুরু হওয়ায় কৃষি উৎপাদন বৃদ্ধি, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং জনজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবীর উদ্দিন বলেন, প্রকল্পটির কাজ নিয়মিত তদারকির মাধ্যমে শতভাগ স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়ন করা হচ্ছে। ফলে স্থানীয় জনগণ দীর্ঘমেয়াদে এর সুফল ভোগ করতে পারবেন।
এ সময় উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবীর উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হুমায়ুন কবির, সালথা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, যুবদল নেতা হাসান আশরাফ, আটঘর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শহিদুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক সালথা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা উন্নয়ন তহবিলের আওতায় দুস্থ ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। পাশাপাশি উপজেলার বিভিন্ন চলমান উন্নয়ন কর্মকা-ও পরিদর্শন করেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৪:৫১:০৫ ৬ বার পঠিত | ● জেলা প্রশাসক ● ফরিদপুর ● সালথা